১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবাননের পেজার বিস্ফোরণ কাণ্ডে কেরালায় জন্মগ্রহণকারী যুবকের নাম

কেরালার ওয়ানাডের বাসিন্দা রিনসন হোসে উচ্চশিক্ষার জন্য নরওয়ে গিয়েছিলেন আর এখন তিনি নরওয়ের নাগরিক এবং একটি কোম্পানির প্রতিষ্ঠাতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 12:07 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

লেবাননে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণের তদন্তে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের নাম উঠে এসেছে। বর্তমানে তিনি নরওয়ের নাগরিক। উচ্চ শিক্ষার উদ্দেশে রিনসন হোসে নামের এই যুবক কেরালার ওয়ানাড় থেকে নরওয়েতে যান। 

লেবাননে ওই পেজার বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত ও প্রায় তিন হাজার জন আহত হন। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোসে (৩৭) বুলগেরিয়ার একটি কোম্পানির মালিক। তার কোম্পানিই বিভিন্ন দেশ কর্তৃক ‘জঙ্গি গোষ্ঠীর’ আখ্যা পাওয়া লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পেজার সরবরাহের করেছিল বা এর সঙ্গে জড়িত ছিল।

হিজবুল্লাহ কয়েক মাস আগে তাইওয়ানের একটি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো থেকে পাঁচ হাজার পেজারের ক্রয়াদেশ দিয়েছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই পেজারগুলোর সাপ্লাই চেইনে হস্তক্ষেপ করে প্রতিটি ডিভাইসের সঙ্গে অল্প পরিমাণ বিস্ফোরক উপকরণ যুক্ত করে দেয়।

তবে এই দায় অস্বীকার করে এক বিবৃতিতে গোল্ড অ্যাপোলো জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত পেজার মডেল এআর-৯২৪ আসলে হাঙ্গেরির বুদাপেস্টভিত্তিক বিএসি কনসাল্টিং কেএফটি নামের একটি কোম্পানি তৈরি ও বিক্রি করেছে। 

এরপর বৃহস্পতিবার বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ডিএএনএস জানায়, তারা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে ও কোম্পানিটির ভূমিকা খতিয়ে দেখছে। পরবর্তীতে তারা কোম্পানিটির নাম প্রকাশ করে। নর্টা গ্লোবাল লিমিটেড নামে এই কোম্পানিটি ২০২২ সালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় নিবন্ধিত হয়। জানা যায়, এই প্রতিষ্ঠানটির মালিকানা ছিল সেই ভারতীয় বংশোদ্ভূত নরওয়ের নাগরিক রিনসন হোসের নামে। 

এর একদিন পর শুক্রবার বুলগেরিয়ার নিরাপত্তা সংস্থা জানায়, লেবাননে বিস্ফোরণে ব্যবহৃত পেজারগুলো বুলগেরিয়ায় আমদানি, রফতানি বা উৎপাদন কিছুই করা হয়নি। 

কোম্পানিটি আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানায়, এই কোম্পানি এবং এর মালিক এমন কোনো পণ্যদ্রব্য বিক্রয় বা ক্রয়ের সঙ্গে সম্পর্কিত লেনদেন করেনি যেটা জঙ্গিদের অর্থায়ন সম্পর্কিত আইনের আওতায় পড়ে। 

নরওয়ের রাজধানী অসলোর পুলিশ জানিয়েছে, তারা তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়েতে যান ভারতীয় যুবক হোসে। তার লিংকডইন পেজ থেকে জানা যায়, নরওয়ের প্রেস গ্রুপ ডিএন মিডিয়ার কাস্টমার কেয়ারে প্রায় পাঁচ বছর কাজ করেছেন তিনি। ডিএন মিডিয়া সংবাদপত্র ভার্দেনস গানকে জানিয়েছে, হোসে মঙ্গলবার থেকে কাজের জন্য বিদেশে সফরে রয়েছেন এবং তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

আত্মীয়রা আইএএনএসকে জানিয়েছেন, হোসে তার স্ত্রীর সাথে অসলোতে থাকেন এবং লন্ডনে তার একজন যমজ ভাই রয়েছে। 

"আমরা প্রতিদিন ফোনে কথা বলি। তবে গত তিন দিন ধরে হোসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এমন কিছু করতে পারেন তা আমরা বিশ্বাস করি না,” বলেন তার স্বজনেরা। 

জানা গেছে, হোসের প্রতিষ্ঠিত নর্টা গ্লোবাল গত বছর ইউরোপীয় ইউনিয়নের বাইরে পরামর্শমূলক কাজ করে প্রায় ৭ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ৬ কোটি টাকা) আয় করেছে।

আরও পড়ুন:

লেবাননে ডিভাইস বিস্ফোরণের দ্বিতীয় টেউয়ে নিহত ২০আহত ৪৫০

হিজবুল্লাহর বিস্ফোরিত ওয়াকিটকিগুলো 'জাপানের তৈরি

হিজবুল্লাহর '৫০০০ পেজারে বিস্ফোরক বসিয়েছিলইসরায়েল

লেবাননে কোনো ইলেকট্রনিক সরঞ্জামকেই নিরাপদ বিবেচনা করা হচ্ছে না

লেবাননে বিস্ফোরিত পেজার 'তৈরি করেছে বুদপেস্টভিত্তিক বিএসি'