আশা করছি, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দরকার পড়বে না: ট্রাম্প
মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প সব বিকল্প খতিয়ে দেখছেন তবে ইরানে হামলা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়ানো যাবে বলে তিনি আশা করছেন।
ওয়াশিংটন হামলা চালালে তেহরানও তার আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী রণতরীতে পাল্টা হামলা চালাতে পারে, ইরানের এমন হুমকির পর বৃহস্পতিবার ট্রাম্পকে তার সুর নরম করতে দেখা গেল।
মার্কিন এ প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইরানের সঙ্গে কথা বলছেন এবং দেশটিতে সামরিক অভিযান এড়ানোর সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন। অথচ দিনকয়েক আগেই এ রিপাবলিকান তেহরানের ‘সময় ফুরিয়ে আসছে’ বলে সাবধান করেছিলেন। এখনও ইরানের কাছে বিশাল মার্কিন নৌবহর মোতায়েন আছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আলোচনার ধরন, সময়সীমা বা ওয়াশিংটনের কে আলোচনায় নেতৃত্ব দেবে সে বিষয়ে কিছু বলেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “আমি কথা বলেছি এবং বলার পরিকল্পনাও করছি। আমাদের একটি দল (নৌবহর) ইরান নামক জায়গার দিকে যাচ্ছে, আশা করছি আমাদের তা কাজে লাগাতে হবে না।”
স্ত্রী মেলানিয়াকে নিয়ে হওয়া এক তথ্যচিত্রের প্রিমিয়ারে ট্রাম্প এসব বলেছেন বলে প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প সব বিকল্প খতিয়ে দেখছেন তবে ইরানে হামলা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি।
ইরানি কর্তৃপক্ষ কিছুদিন আগে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের পর থেকে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা নতুন করে চড়তে শুরু করে। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখলে সেখানে হামলা চালানো হবে বলে ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বিক্ষোভের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। মার্কিন এ প্রেসিডেন্ট এখন ইরানকে নিশানা করছেন ‘পারমাণবিক চুক্তি’ নিয়ে।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবি স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে ট্রাম্প বারবার সাবধান করেছেন।
বৃহস্পতিবার ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইরান পরিস্থিতি নিয়ে বলতে বলেন।
“তাদের পারমাণবিক সক্ষমতা পাওয়া উচিত নয়। যুদ্ধ মন্ত্রণালয়ের কাছে প্রেসিডেন্টের যে প্রত্যাশাই থাকুক তা পূরণে আমরা প্রস্তুত,” প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নাম উদ্ধৃত করে বলেন হেগসেথ।
