ট্রাম্প মনোনীত তুলসী গ্যাবার্ডকে নিয়ে গোয়েন্দা জগতে সমালোচনা-উদ্বেগ
ডেমোক্র্যাটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসীর গোয়েন্দা বিভাগের কোনও পদে দায়িত্ব পালনের তেমন কোনও অভিজ্ঞতা নেই।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জগতে আলোচনা- সমালোচনা হচ্ছে। সৃষ্টি হয়েছে উদ্বেগ। তুলসীর নিয়োগে গোয়েন্দা ব্যবস্থা অনেক বেশি রাজনীতিকরণ হতে পরে বলে উদ্বেগ বাড়ছে।
হাওয়াইয়ে ডেমোক্র্যাটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসীর গোয়েন্দা বিভাগের কোনও পদে দায়িত্ব পালনের তেমন কোনও অভিজ্ঞতা নেই। রাশিয়া ও সিরিয়া প্রশ্নে গ্যাবার্ডের মনোভাবকে নমনীয় হিসাবেই দেখা হচ্ছে।
গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে বসালে যে সমস্ত ঝুঁকি আছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তারা ছাড়াও স্বতন্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এতে করে শীর্ষ উপদেষ্টারা বৈশ্বিক হুমকির একটি বিকৃত চিত্র ভাবি রিপাবলিকান প্রেসিডেন্টের কাছে তুলে ধরতে পারেন।
ট্রাম্প যাতে সন্তুষ্ট হবেন বলে উপদেষ্টারা মনে করেন, তার ভিত্তিতেই তারা একাজ করতে পারেন। আর এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিদেশি মিত্ররাও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে উৎসাহ বোধ না করতে পারে।
গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা র্যান্ডাল ফিলিপস সতর্ক করে দিয়ে বলেছেন, শীর্ষ সরকারি পদগুলোতে ট্রাম্প অনুগতরা নিয়োগ পাওয়ার ফলে বিভিন্ন প্রশ্নসাপেক্ষ কাজে ট্রাম্পপন্থি নেতৃত্বে গোয়েন্দা সংস্খার অপব্যবহার হওয়ার শঙ্কা থেকে যাবে।
পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ট্রাম্প জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ধীরগতির হয়ে পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’-এ।
ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা উদ্বিগ্ন যে, ট্রাম্পের সব নিয়োগই ‘ভুল পথে’ যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভেতরের ও বাইরের গোয়েন্দা নেটওয়ার্কে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের নিয়োগ নিয়েই বেশি উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউক্রেইনে যুদ্ধে লিপ্ত রাশিয়ার প্রতি গ্যাবার্ডের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির কারণে।
বুধবার ট্রাম্প তার অনুগত কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করার সময় গ্যাবার্ডের নিয়োগও ঘোষণা করেন। এতে অনেকেই বিস্মিত হন। ট্রাম্পের এই পছন্দ নিয়ে সমালোচনা হয়েছে। এমনকি খোদ রিপাবলিকান পার্টিতেও অনেকে এ সিদ্ধান্তে খুশি হননি। সেনেটে গ্যাবার্ড তার নিয়োগ নিশ্চিত করার শুনানিতে কঠোর প্রশ্নের মুখে পড়তে পারেন বলেই ধারণা করা হচ্ছে।
গোয়েন্দা পরিচালক হলে তুলসী গ্যাবার্ডের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), প্রতিরক্ষা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর গোয়েন্দা বিভাগসহ ১৮ টি গোয়েন্দা সংস্থা থাকবে।
কে এই তুলসী গ্যাবার্ড?
তুলসী নাম এবং হিন্দু হওয়ার কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করেন। তবে তিনি ভারতীয় বংশোদ্ভুত নন। তার জন্ম ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায়। বয়স ৪৩ বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য।।
১৯৮৩ সালে তুলসী গ্যাবার্ডের পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে স্থায়ীভাবে বাস করতে শুরু করে। তার মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তার বাবা রোমান ক্যাথলিক খ্রিষ্টান ছিলেন। হিন্দু ধর্মে অনুরাগের কারণে গ্যাবার্ডের মা সন্তানের হিন্দু নাম রাখেন।
তুলসী গ্যাবার্ড হাওয়াই থেকে ২০১৩ সালে প্রথমবার এমপি হিসাবে নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত ছিলেন তুলসী। ইরাক ও কুয়েতের মতো দেশেও ওই সময় মোতায়েন ছিলেন তিনি।
২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন তুলসী। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও তিনি শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টিতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।
প্রথমে তিনি স্বতন্ত্র হিসাবে নাম নিবন্ধন করেছিলেন। পরে ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তুলসী । চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে সাহায্য করেন তিনি।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের মধ্যে ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করেছিলেন তুলসী। সেই জায়গা থেকে তার নতুন দায়িত্ব তাকে কোন পথে নিয়ে যায় সবার নজর সেদিকে।
তুলসীর বাবা মাইক গ্যাবার্ডও ছিলেন রাজনীতিবিদ। তিনি রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটদের দিকে চলে গিয়েছিলেন। ছিলেন সেনেটারও।
