২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার আইনপ্রণেতার হুঁশিয়ারি

মস্কো হুমকি বাড়ছে মনে করলে পামাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার সময় বদলাতে পারে- বলেছেন রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলোভ।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 23 Jun 2024, 05:58 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা তাদের সরকারি নীতিতে নির্ধারিত সময়ের চেয়ে কমিয়ে আনতে পারে। মস্কো হুমকি বাড়ছে মনে করলে এমন পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ার করেছেন এক রুশ আইনপ্রণেতা।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলোভ রোববার বলেন, “আমরা যদি দেখি চ্যালেঞ্জ এবং হুমকি বাড়ছে, তাহলে এর অর্থ হচ্ছে, আমরা পরমাণু মতবাদে (ডকট্রিন) কিছু সংশোধন আনতে পারি। সেটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময়ের বিষয়ে হতে পারে, আবার এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার সময়ের বিষয়েও হতে পারে।”

আরআইএ সংবাদ সংস্থা কার্তাপোলোভের ঊদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। কার্তাপোলোভ একসময় সিরিয়ায় রুশ বাহিনীর কমান্ডার ছিলেন। এখন তিনি রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির আইনপ্রণেতা।

ইউক্রেইনে রুশ আগ্রাসন ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাত উস্কে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতমাসে বলেছেন, রাশিয়া তাদের সরকারি পরমাণু ডকট্রিন বদলাতে পারে, যেখানে এ ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া রয়েছে।

রাশিয়ার ২০২০ সালের পারমাণবিক মতবাদে প্রেসিডেন্ট কখন পারমোণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবেন সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে: রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক বা গণবিধ্বংসী অন্যান্য অস্ত্র কিংবা প্রচলিত অস্ত্র হামলার জবাবে এমন অস্ত্র ব্যবহার করা যেতে পারে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ। আমেরিকান ফেডারেশনের বিজ্ঞানীদের হিসাবমতে, বিশ্বের পারমাণবিক অস্ত্রের ৮৮ শতাংশই এই দুই দেশের হাতে আছে।

দুই দেশই তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকায়ন করছে। চীনও পারমাণবিক অস্ত্রাগারের পরিসর দ্রুতই বাড়াচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এ মাসে বলেছিলেন, ইউক্রেইন যুদ্ধে জয়লাভের জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই রাশিয়ার। তবে তিনি রাশিয়ার পারমাণবিক মতবাদ পরিবর্তন করার সম্ভাবনাও নাকচ করেননি।