১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেরাতের ভূমিকম্পে নিহত ২৪৪৫ জন: তালেবান

ত্রাণ কার্যক্রমের জন্য জরুরিভিত্তিতে খাবার, পানযোগ্য পানি, ওষুধ, কাপড় ও তাঁবু দরকার বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

হেরাতের ভূমিকম্পে নিহত ২৪৪৫ জন: তালেবান

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 01:56 PM

Updated : 09 Oct 2023, 01:56 PM

আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ২৪৪৫ জন নিহত হয়েছেন বলে দেশটির তালেবান প্রশাসন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার প্রদেশটির্ প্রধান শহর হেরাত থেকে ৩৫ কিলোমিটার উত্তরপশ্চিমে বেশ কয়েকটি ভূমিকম্প হয়, এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়ীক রোববার রাতে রয়টার্সকে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪৫ জনে দাঁড়িয়েছে আর আহতের সংখ্যা ‘২০০০ এরও বেশি’। এর আগে তিনি আহতের সংখ্যা ‘৯২৪০ জন’ বলে জানিয়েছিলেন, কিন্তু পরে সেটি সংশোধন করে নতুন সংখ্যা জানান।

ভূমিকম্পে ১৩২০টি বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার সকালে আফগানিস্তান রেড ক্রিসেন্ট মৃতের সংখ্যা ৫০০ বলে জানিয়েছিল, যা পরে বৃদ্ধি পায়।

এক সংবাদ সম্মেলনে সায়ীক জানান, উদ্ধারকর্মীদের ১০টি দল ইরান সীমান্তের কাছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেছে।

হেরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডাঃ দানিশ জানিয়েছেন, ২০০ জনেরও বেশি আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু।

হাসপাতলে নিয়ে আসা আহতদের সংখ্যা বাড়তে থাকায় হেরাতের প্রধান হাসপাতালে ওয়ার্ডের বাইরেও বেড পাতা হয়েছে, সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন ছবিতে এমনটি দেখা গেছে।

Image

ছবি: রয়টার্স

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান সুহাইল শাহীন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য জরুরিভিত্তিতে খাবার, পানযোগ্য পানি, ওষুধ, কাপড় ও তাঁবু দরকার।

ইউরেশীয় ও ভারতীয় ভূতাত্ত্বিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্প হয়।

চলতি বছরের মার্চে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় জুর্মে ৬ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে ও প্রতিবেশী পাকিস্তানে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত বছর জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল; ২৫ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল সেটি।