২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে, রাশিয়ার হামলা

বিদ্রোহীদের আলেপ্পো দখল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য এবছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আর তা মোকাবেলায় আসাদের হয়ে বিমান হামলা শুরু করেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 05:25 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী বাহিনী। হায়াত তাহরির আল-শাম বিদ্রোহীদের হামলায় শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ফলে বাধ্য হয়ে সেনা মোতায়েন করতে হয়েছে সরকারকে।

বিদ্রোহীদের আলেপ্পো কব্জা করা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্ এবছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে যুদ্ধ আবার নতুন করে শুরু হয়েছে। 

বিবিসি জহানায়, বিদ্রোহী বাহিনী দক্ষিণের দিকে এগুতে থাকার মধ্যে রাশিয়া আসাদ সরকারের পক্ষ হয়ে দফায় দফায় বিমান হামলা চালাতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

২০২০ সাল থেকেই সিরিয়ায় যুদ্ধে লিপ্ত দুই পক্ষই শান্ত ছিল। কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায়। ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে।

বিদ্রোহীদের অগ্রগতি স্বীকার করে সিরিয়ার সেনাবাহিনীর কমান্ড জানায়, বিদ্রোহীরা আলেপ্পোর বিশাল অংশে প্রবেশ করেছে। আট বছর আগে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর থেকে নগরীর ওই অংশগুলো পুরোপুরি রাষ্ট্রের কর্তৃত্বাধীনে ছিল।

সামাজিক মাধ্যমে আলেপ্পো থেকে আসা ছবিগুলোতে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধাদের একটি দল রাতে নগরীটিতে প্রবেশ করার পর সেখানকার সাদাল্লাহ আল-জাবিরি স্কয়ারে জড়ো হয়েছেন, তাদের পেছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশাল একটি বিলবোর্ড দেখা যাচ্ছে। ২০১৬ সালের পর বিদ্রোহীরা প্রথম আলেপ্পোয় তাদের অবস্থান সুসংহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তাদের বিমান বাহিনী রোববার সিরিয়ার সেনাবাহিনীর সমর্থনে বোমা হামলা চালিয়েছে। ইদলিব এবং হামার পল্লী অঞ্চলে হামলা চালানো হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে রোববার সকালের রুশ বিমান হামলায় ৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

রাশিয়া দীর্ঘদিন ধরেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র। ২০১৫ সালের রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পক্ষে যুদ্ধ শুরু করেছিল। রাশিয়ার সহায়তার কারণে যুদ্ধ পরিস্থিতি আসাদের অনুকূলে আসে। এবারও বিদ্রোহীদের চ্যালেঞ্জ মোকাবেলায় আসাদের পক্ষে দাঁড়িয়েছে রাশিয়া।

তবে কেবল রাশিয়াই নয়, ইরানও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মিত্র। তারাও বর্তমান সংকট ‍ুনিরসনে মাঠে নেমেছে। চলমান সংকট নিয়ে আলোচনা করতে ইরান তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সিরিয়ার রাজধারী দামেস্কে পাঠিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এরপর তুরস্কে যাবেন। তুরস্ক সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করে আসছে।