ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডে আঘাত হানতে পারে ইউক্রেইন: ক্যামেরন
যুক্তরাষ্ট্র রাশিয়ার ভেতরের নিশানায় হামলা না চালাতে ইউক্রেইনকে আহ্বান জানালেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এর পূর্ণ অধিকার কিইভের আছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডে কোনও নিশানায় হামলা চালানোর ‘পূর্ণ অধিকার আছে’ ইউক্রেইনের। ইউক্রেইন অস্ত্র কীভাবে ব্যবহার করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তাদের ব্যাপার।
বৃহস্পতিবার ইউক্রেইন সফরকালে ক্যামেরন একথা বলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এটি ক্যামেরনের দ্বিতীয় সফর। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবছর ইউক্রেইনের জন্য অন্তত ৩শ’ কোটি পাউন্ড সামরিক সহায়তা ঘোষণা করার পরপরই ক্যামের ইউক্রেইনে এ সফরে যান।
ইউক্রেইনের রাজধানী কিইভে সফরকালে ক্যামেরন বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেইনকে বছরে তিশন কোটি পাউন্ড সাহায্য দিয়ে যাবে যুক্তরাজ্য।
এ সময়ই যুক্তরাজ্যের দেওয়া অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, “রাশিয়া ইউক্রেইনে হামলা শুরু করেছ। ইউক্রেইনেরও পূর্ণ অধিকার আছে রাশিয়ায় পাল্টা হামলা করার। ইউক্রেইনীয়দের দিক থেকে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা ইউক্রেইনের ব্যাপার। তারা তাদের দেশকে সুরক্ষা দিচ্ছে। তারা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অবৈধভাবে আগ্রাসনের শিকার হয়েছে। ফলে তাদেরকে পাল্টা হামলার সব পদক্ষেপ নিতেই হবে।”
ইউক্রেইনে কিছু সাজসরঞ্জাম তার সফরকালেই পৌঁছচ্ছে বলে জানান ক্যামেরন।
রাশিয়া ক্যামেরনের এমন কথাকে আরেকটি ‘খুবই বিপজ্জনক বক্তব্য’ বলে নিন্দা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এতে ইউক্রেইন সংঘাত ঘিরে উত্তেজনা সরাসরি আরও বেড়ে যাওয়া এবং ইউরোপের নিরাপত্তায় হুমকি সৃষ্টি হচ্ছে।”
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা না চালানোর জন্য ইউক্রেইনকে আহ্বান জানিয়েছে। সংঘাত আরও বেড়ে যেতে পারে এমন আশঙ্কার কারণে যুক্তরাষ্ট্র ওই আহ্বান জানায় বলে খবর পওয়া গেছে।
তবে ইউক্রেইন যুদ্ধে রাশিয়া জিতে গেলে ইউরোপে আর নিরাপত্তা থাকবে না বলে শঙ্কিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এ সপ্তাহে মাক্রোঁ বলেছিলেন, রাশিয়া সম্মুখসারির প্রতিরোধ ভেঙে এগিয়ে গেলে ইউক্রেইন যদি অনুরোধ করে, তাহলে পশ্চিমাদেরকে সেখানে স্থলসেনা পাঠানো হবে কিনা তা নিয়ে ভাবতে হবে।
সম্প্রতি কয়েকমাসে রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেইনের কয়েকটি গ্রাম দখল করেছে। ইউক্রেইনের অস্ত্র এবং লোকবলের অভাবের কারণে সুবিধা পাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেইনের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাশিয়া গ্রীষ্মের সময়ে উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এবং সামিরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার অগ্রগতি ঠেকাতে ইউক্রেইনকে সর্বশেষ যে অস্ত্র সহায়তা যুক্তরাজ্য দিয়েছে তার মধ্যে আছে প্রিসিশন-গাইডেড বোমা, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষার জন্য সাজসরঞ্জাম, যা দিয়ে ইউক্রেইন রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে।
কিইভে ক্যামেরন বলেন, “রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেইন প্রানেপণে লড়ছে। আর তাতে পুতিন যে যুদ্ধ মাত্র কয়েকদিন স্থায়ী হবে বলে ভেবেছিলেন, তা বছরের পর বছর ধরে চলছে। কিন্তু এই যুদ্ধ আমাদের প্রজন্মের চ্যালেঞ্জ। ইউক্রেইন একা এ যুদ্ধ লড়তে পারে না।”
ইউক্রেইনের সব মিত্রদেশকেই এজন্য যুদ্ধ জয়ে কিইভের হাতে প্রয়োজনীয় সব জিনিস আছে কিনা তা নিশ্চিত করতে উঠেপড়ে লাগতে হবে বলে ক্যামেরন মন্তব্য করেন।
