১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলায় ২ জাহাজ ক্ষতিগ্রস্ত

ড্রোন হামলায় দুই জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর পার্শ্ববর্তী ভোলনা এলাকায় আগুন ধরে যায়।

রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলায় ২ জাহাজ ক্ষতিগ্রস্ত
ইউক্রেইনের ড্রোন হামলায় ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ফাইল ছবি: রিয়া নভোস্তি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 10:17 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলায় দুটি জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হয় আর একটি গ্রামে আগুন লেগে যায়। 

রাশিয়ার কৌশলগত জ্বালানি রপ্তানি এবং লজিস্টিক কেন্দ্র ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা ওই জাহাজ দুটি থেকে সব ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে।  

টেলিগ্রাম অ্যাপে ক্রাস্নোদার অঞ্চলের অপারেশনাল সদরদপ্তর জানায়, ড্রোন হামলায় দুই জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভোলনা এলাকায় আগুন ধরে যায় আর তা প্রায় ১৫০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। সকাল ৭টায় শেষ খবর পর্যন্ত আগুন জ্বলছিল।

কের্চ প্রণালীর তীরবর্তী ভোলনা ক্রাইমিয়া সেতুর খুব নিকটবর্তী একটি এলাকা। ক্রাইমিয়া সেতু রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবহন রুট। এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে।   

ইউক্রেইন প্রায়ই ক্রাস্নোদার অঞ্চলে ড্রোনযোগে হামলা চালায়। এসব হামলার লক্ষ্য থাকে তেল শোধনাগার, জ্বালানি তেলের ডিপো, বন্দর ও বিমান ঘাঁটিগুলো।

কৃষ্ণ সাগর অঞ্চলটি রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সামরিক লজিস্টিকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রাইমিয়া উপদ্বীপ সংলগ্ন এই অঞ্চলটি ইউক্রেইনের ড্রোন হামলার আওতার মধ্যে অবস্থিত।