আদানি গোষ্ঠীর অনিয়মের অভিযোগ ঘিরে ভারতের পার্লামেন্টে হট্টগোল
যুক্তরাষ্ট্রের ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর প্রতিবেদন বলছে, এক দশক ধরে শেয়ারের দরে কারচুপি করছে আদানি গোষ্ঠী।
আদানি গোষ্ঠীর অনিয়মের অভিযোগ ঘিরে ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়েছে। বিরোধী দলগুলোর হৈ চৈয়ের কারণে লোকসভা ও রাজ্যসভা- দুই কক্ষের অধিবেশনই মুলতবি করা হয়।
যুক্তরাষ্ট্রের শেয়ার সংক্রান্ত গবেষণা সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এক দশক ধরে শেয়ারের দরে কারচুপি করছে আদানি গোষ্ঠী। আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে।
কৃত্রিমভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়ে আদানি গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। ২৪ জানুয়ারির এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকেই বিপর্যয়ের মুখে পড়েছে আদানি গোষ্ঠী।
বৃহস্পতিবার ভারতের কংগ্রেস পার্টিসহ সমমনা বিরোধী দলগুলো আদানি গ্রুপের জালিয়াতি ও প্রতারণার বিষয়ে সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্ট মনোনীত কমিটির তদন্ত দাবি করেছে।
এর আগে পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বিরোধীদের কক্ষে একজোট হয় সমস্ত সমমনা বিরোধী দল। সেখান থেকেই দাবি ওঠে আদানী-হিন্ডেনবার্গ অভিযোগ নিয়ে আলোচনা হোক।
শেয়ার বাজারে আদানি গ্রুপের ধস নিয়ে আলোচনার দাবি ঘিরে উত্তাল হয় রাজ্যসভা। বিরোধী সাংসদরা দাবি করেন, এলআইসি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিনিয়োগ থাকায় কোটি-কোটি ভারতীয় সঞ্চয় বিপদের মুখে আছে।
তবে বিরোধীদের সব নোটিশ খারিজ করেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপর হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। তারা আসন ছেড়ে উঠে প্রতিবাদ দেখাতে শুরু করেন। শেষপর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়।
বিরোধীদের দাবি না মানায় তুমুল হট্টগোল হয় লোকসভাতেও। কিছুক্ষণের মধ্যেই দুপুর ২টা পর্যন্ত মুলতবি হয়ে যায় বাজেট অধিবেশন।
গত বছর অগাস্টে ব্যবসায় পাল্লা দিয়ে মুকেশ অম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান পান গৌতম আদানি। শুধু ভারতেরই নয়, বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, আদানি তখন এশিয়ারও সবচেয়ে ধনী ব্যক্তি। আর তখনই অন্য একটি সংস্থা ‘ক্রেডিট সাইট’-এর এক সমীক্ষায় উঠে আসে চমকে দেওয়া তথ্য।
বিদেশি আর্থিক লগ্নি সংক্রান্ত পরামর্শদাতা সংস্থা ‘ক্রেডিট সাইট’-জানিয়েছিল, আদানি গোষ্ঠীর ব্যবসার প্রসারের পিছনে আছে ব্যাপক আর্থিক দেনা। এই দেনার কারণে আদানি গোষ্ঠীকে বিপদে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়।
তাছাড়া, আদানির বিদেশি মুদ্রায় নেওয়া ঋণের পরিমাণও অনেক বলে জানায় ক্রেডিট সাইট। আদানি গোষ্ঠীর এত ঋণ নেওয়ার কারণ হিসাবে গোষ্ঠীটির সব ব্যবসায়িক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের কারণকেই দায়ী করা হয় ক্রেডিট সাইটের সমীক্ষায়।
কোনও ব্যক্তি বা সংস্থার নামে এমন বিপুল পরিমাণ ঋণ থাকাটা দেশের অর্থনীতির উপর কতটা প্রভাব ফেলতে পারে-তা নিয়ে উঠেছিল প্রশ্নও।
তবে আদানিদের প্রচুর ঋণ থাকার কথা শোনা গেলেও ভারতের কেন্দ্র সরকার আদানি গোষ্ঠীর বিনিয়োগের প্রতি আস্থা রাখে। আদানি গোষ্ঠী নতুন ভারতের রূপ গড়তে বিশেষ ভূমিকা রাখবে বলে আস্থা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদীও।
কিন্তু ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই আদানি গোষ্ঠীর ১০টি সংস্থার শেয়ারে ধস নেমেছে। যদিও এই প্রতিবেদনে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। পালটা মার্কিন সংস্থাটির বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করেছে তারা।
আদানি গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, হিন্ডেনবার্গ স্বল্পমেয়াদি মুনাফার জন্য প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদন ভারতের অগ্রগতিকে রুখে দেওয়ার চক্রান্ত বলেও দাবি করেছে আদানি গোষ্ঠী।
