তাইওয়ানের নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র ‘গুরুতর ভুল’ করেছে : চীন
তাইওয়ানের নির্বাচনে স্বাধীনতার পক্ষের দল ডিপিপি প্রার্থী লাই চিং-তে জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন বার্তা পাঠান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
তাইওয়ানে শনিবারের নির্বাচনী ফলের পর দ্বীপদেশটির স্বাধীনতার জন্য যারা সোচ্চার তাদেরকে যুক্তরাষ্ট্র ‘গুরুতর ভুল সংকেত’ দিয়েছে বলে অভিযোগ করেছে চীন।
তাইওয়ানের নির্বাচনে জয়ী স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই চিং-তে জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
চীন এই বার্তাকে তাইওয়ানের সঙ্গে কেবলমাত্র অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখার যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাই চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তাইওয়ানকে রক্ষার অঙ্গীকার করেছেন।
তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন সেটা মানে না। বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন।
তাইওয়ানে নির্বাচনের পর গোটা বিশ্ব থেকে বিভিন্ন দেশ নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে। এদের মধ্যে অ্যান্টনি ব্লিনকেন তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে অংশীদারত্বের ওপর জোর দিয়েছেন, যা তার কথায়- গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে।
এক বিবৃতিতে ব্লিনকেন বলেছেন, “আমরা আমাদের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ এগিয়ে নিতে লাই এবং তাইওয়ানের সব দলের নেতার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।” ব্লিনকেন জোর দিয়ে আরও বলেন, “যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় মিত্রদেশগুলোর একটি। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
“এ ধরনের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের দীর্ঘ অনানুষ্ঠানিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের এক চীন নীতির সঙ্গে তা সঙ্গতিপূর্ণ হওয়া উচিত।”
এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র তাইওয়ানের পরিবর্তে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ককে স্বীকৃতি দেয়। তাইওয়ানকে চীন একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং আশা করে এটি একদিন মূল ভূখণ্ডের সঙ্গে এক হবে।
অ্যান্টনি ব্লিনকেনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “তাইওয়ানে নির্বাচিত ব্যক্তিকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল তাইওয়ানের সঙ্গে কেবল সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, কোনও আনুষ্ঠানিক সম্পর্কে জড়াবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে প্রথম চূড়ান্ত সীমারেখা বা রেড লাইন হল তাইওয়ান, যেটা অতিক্রম করা যাবে না। তাছাড়া, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনও আনুষ্ঠানিক মিথস্ক্রিয়া কিংবা তাইওয়ানের অভ্যন্তরীন বিষয়ে কোনও অজুহাতে হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করে চীন।
