২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনীয়দেরকে নির্যাতনের কথা স্বীকার করলেন সাবেক রুশ সেনা কর্মকর্তা

বিবিসি-কে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ স্বীকারোক্তি দেন।

ইউক্রেইনীয়দেরকে নির্যাতনের কথা স্বীকার করলেন সাবেক রুশ সেনা কর্মকর্তা

ছবি: বিবিসি ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 08:35 PM

Updated : 02 Feb 2023, 08:44 PM

ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার সেনারা ইউক্রেনীয়দের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে বলে স্বীকার করেছেন সাবেক এক রুশ সামরিক কর্মকর্তা।

তিনি বলেন, নৃশংস জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে, ইউক্রেইনীয় পুরুষদের গুলি করা হয়েছে, ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।

দক্ষিণ ইউক্রেইনের একটি জায়গায় 'প্রায় এক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ, নির্যাতন চলেছে’ জানিয়ে তিনি বলেন, “প্রতি দিন, প্রতি রাতে, কখনও কখনও দিনে দুবারও এসব নির্যাতন চালানো হত।”

বিবিসি-কে এক একান্ত সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন কনস্ট্যান্টিন ইয়েফ্রেমভ। রাশিয়ার সবচেয়ে উর্ধ্বতন একজন কর্মকর্তা হিসাবে তিনি প্রকাশ্যে এমন কথা বললেন।

বেশ কয়েকবারই সেনাবাহিনী ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ইয়েফ্রেমভ। অবশেষ ইউক্রেইনে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়ে তিনি চাকরিচ্যুত হন। পরে তিনি রাশিয়া থেকে পালিয়ে যান।

ইয়েফ্রেমভের সরবরাহ করা ছবি এবং সামরিক নথি যাচাই করে বিবিসি নিশ্চিত করেছে যে, তিনি যুদ্ধের শুরুর দিকে মেলিতোপোল শহরসহ জাপোরিজিয়া অঞ্চলে ছিলেন।

সাক্ষাৎকারে ইয়েফ্রেমভ জানান, ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি তিনি রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ায় পৌঁছান। ৪২তম মোটরাইজড রাইফেল ডিভিশনের একটি ডি-মাইনিং ইউনিটের প্রধান ছিলেন তিনি। সাধারণত থাকতেন রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের চেচনিয়ায়। ইয়েফ্রেমভ এবং তার লোকজনদেরকে 'সামরিক মহড়ায়' অংশ নিতে ক্রাইমিয়ায় পাঠানো হয়েছিল।

ইয়েফ্রেমভের কথায়, “ওই সময় কেউ বিশ্বাসই করেনি যে যুদ্ধ হতে পারে। প্রত্যেকেই ভেবেছিল এটি কেবলই একটি মহড়া। আমি নিশ্চিত যে, ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিছু জানত না।”

‘বিশেষ সামরিক অভিযানে’ জড়িত হতে চাননি ইয়েফ্রেমভ:

রুশ সেনাদেরকে তাদের ইউনিফর্মে শনাক্তকরণ চিহ্নবিশিষ্ট টেপ লাগাতে দেখেছেন বলে জানিয়েছেন ইয়েফ্রেমভ। তাছাড়া, সামরিক সরঞ্জাম এবং যানবাহনে 'জেড' অক্ষর আঁকাও শুরু হয়। কয়েকদিনের মধ্যে 'জেড' হয়ে ওঠে ক্রেমলিনের তথাকথিত 'বিশেষ সামরিক অভিযানের' প্রতীক।

ইয়েফ্রেমভ এর সঙ্গে যুক্ত হতে চাননি বলে দাবি করেছেন। চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, কমান্ডারের কাছে গিয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। কমান্ডার তখন তাকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে যান, যিনি ইয়েফ্রেমভকে বিশ্বাসঘাতক এবং কাপুরুষ বলে গালি দেন।

ইয়েফ্রেমভ বলেন, “আমি আমার বন্দুক রেখে দেই, ট্যাক্সিতে উঠি এবং চলে যাই। আমি চেচনিয়ায় আমার ঘাঁটিতে ফিরে যাওয়া এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলাম। পরে আমার কমরেডরা আমাকে একটি সতর্কবার্তা দিয়ে টেলিফোন করেছিল। একজন কর্নেল আমাকে সেনাবাহিনী ছাড়ার জন্য ১০ বছর পর্যন্ত জেলে রাখার কথা বলেছিলেন এবং তিনি পুলিশকে সতর্ক করেছিলেন।”

পরে এক সামরিক আইনজীবীর পরামর্শে তিনি আবার ক্রাইমিয়ায় ফেরত যান। কনস্ট্যান্টিন ইয়েফ্রেমভের দল গত এপ্রিলে মেলিতোপোলের উত্তর-পূর্বে বিলমাক শহরে একটি 'লজিস্টিক হেডকোয়ার্টার' পাহারা দিতে যান। সেখানে, তিনি ইউক্রেইনীয় বন্দিদের সঙ্গে জিজ্ঞাসাবাদ ও দুর্ব্যবহার প্রত্যক্ষ করেছেন বলে জানান। সাক্ষাৎকারে তিনি সেসব নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

ইয়েফ্রেমভ শেষপর্যন্ত তার ডি-মাইনিং ইউনিটে ফিরে গিয়েছিলেন। তবে বেশিদিন সেখানে ছিলেন না। তিন বলেন, “আমাদের ৭ জন সেনা সামরিক বাহিনী ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।” মে মাসের শেষে চেচনিয়ায় ফিরে ইয়েফ্রেমভ পদত্যাগপত্র জমা দেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে কাপুরুষ এবং বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাকে বরখাস্ত করেন।

পরে গুলাগু ডট নেট নামক একটি রুশ মানবাধিকার সংস্থার সঙ্গে ইয়েফ্রেমভ যোগাযোগ করেন এবং এই সংস্থার সহায়তায় তিনি রাশিয়া ছাড়েন।