২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় খুলছে সৈকত রিসোর্ট, ট্যুরিজমে বাজি কিমের

পূর্ব উপকূলে থাকা ওনসান কালমা আগামী ১ জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য খুলবে, তবে বিদেশিরা কবে থেকে সেখানে যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।

উত্তর কোরিয়ায় খুলছে সৈকত রিসোর্ট, ট্যুরিজমে বাজি কিমের
আকাশ থেকে তোলা ওনসান কালমা উপকূলীয় পর্যটন অঞ্চল। ছবি: কেসিএনএ/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

উত্তর কোরিয়া দেশীয় পর্যটকদের জন্য সমুদ্র সৈকতভিত্তিক একটি রিসোর্ট খুলে দিতে যাচ্ছে, যার সাহায্যে কমিউনিস্ট রাষ্ট্রটির পর্যটন খাত চাঙা হবে বলে আশা দেশটির নেতা কিম জং উনের। 

দেশটির পূর্ব উপকূলে থাকা ওনসান কালমা আগামী ১ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলবে, তবে বিদেশি পর্যটকরা কবে থেকে সেখানে যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।

ওনসানে বিলাসবহুল পরিবেশে বড় হয়েছিলেন কি, এখানে দেশটির অভিজাতদের অনেকেরই ব্যক্তিগত ভিলা আছে। এক সময় এটি একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ছিল, শহরটিতে অত্যাধুনিক করে গড়ে তুলতে কিম দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

৪ কিলোমিটার সৈকতজুড়ে গড়ে ওঠা রিসোর্টটিতে একাধিক হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও একটি ওয়াটার পার্ক রয়েছে, এবং এটি একসঙ্গে ২০ হাজার পর্যন্ত পর্যটককে সেবা দিতে পারবে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ দাবি করেছে। এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। 

পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। পিয়ংইয়ং তার সম্পদের বেশিরভাগই সামরিক বাহিনী, বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থাপনায় ঢালে, যেখানে ১৯৪৮ সাল থেকে দেশ শাসন করে যাওয়া কিম পরিবারের গৌরবগাঁথা লেখা থাকে।

অনেক পর্যবেক্ষক মনে করছেন, নিষেধাজ্ঞার কারণে চাপে থাকা উত্তর কোরিয়ার জন্য পর্যটনের মাধ্যমে অর্থ আয় করা অনেক সহজ হবে।

দেশটিতে বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার থাকলেও চীন ও রাশিয়া থেকেই বেশিরভাগ মানুষ যায়, এই দুই দেশের সঙ্গে পিয়ংইয়ংয়ের মিত্রতা দীর্ঘদিনের।  

কোভিড মহামারীর কারণে দেশটির পর্যটক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২০ সালের শুরুর দিকে তারা তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল; বিধিনিষেধ বহাল ছিল ২০২৩ সালের মাঝ পর্যন্ত। তারও এক বছর পর থেকে তারা রুশ পর্যটকদের স্বাগত জানানো শুরু করে।     

ফেব্রুয়ারিতে পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত কিছুটা উন্মুক্ত হয়, তখন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার অনেক পর্যটক চীন সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিলেন। তবে কয়েক সপ্তাহের মধ্যেই কোনো কারণ না জানিয়েই হঠাৎ করে পর্যটন বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।

ওনসান কালমা রিসোর্টটি খুলে দেওয়ার কথা ছিল ২০১৯ সালের অক্টোবরে। কিন্তু নির্মাণ কাজে দেরি হওয়ার পর চলে আসে মহামারী। তাতেই পুরো প্রকল্প ছয় বছর পিছিয়ে যায়।