প্রায় কোটি রুপির বিয়ের পরও শেষরক্ষা হল না, ফিরল মেয়ের লাশ
ভারতের গ্রেটার নয়ডায় মারা যাওয়া গৃহবধুর বাবা পুলিশকে জানিয়েছেন, মেয়ের শশুরবাড়ির লোকজন একটি ফরচুনার গাড়ি এবং ৫১ লাখ রুপি চাইছিল।
প্রায় এক কোটি রুপি খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা-মা। কিন্তু মাত্র ১৭ মাস পরেই লাশ হয়ে ফিরলেন তাদের ২৫ বছর বয়সি মেয়ে দীপিকা নাগর।
শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে দীপিকার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং অতিরিক্ত যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠ গ্রেটার নয়ডায়। রোববার গভীর রাতে গ্রেটার নয়ডার ইকোটেক-৩ থানার জালপুরা এলাকায় এই ঘটনায় ইতোমধ্যে দীপিকার স্বামী রিতিক তনওয়ার এবং শ্বশুর মনোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ দীপিকার বাবা সঞ্জয় নাগর কান্নায় ভেঙে পড়ে সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, “ওরা (দীপিকার শ্বশুরবাড়ি) একটি ফরচুনার গাড়ি এবং নগদ ৫১ লাখ রূপি চাইছিল।”
তার অভিযোগ, বিয়ের তিন-চার মাস পর থেকেই মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।
থানায় আগে কেন অভিযোগ করেননি, জানতে চাইলে মর্গের সামনে বসা অসহায় বাবা বলেন, “আমরা কোনো পুলিশি অভিযোগ করিনি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, মানিয়ে নিতে পারবে। আমরা তার সংসারটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলাম।”
পুলিশ জানায়, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সেন্ট্রাল নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) শৈলেন্দ্র কুমার সিং বলেন, “দেড় বছর আগে বিয়ে হওয়া এক নারী ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।”
বাবার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে মেয়ের বিয়ের সময় তিনি নগদ ১১ লাখ রুপি, ৫০ লাখ রুপির সোনা, আসবাবপত্র এবং একটি স্করপিও গাড়ি দিয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এতে সন্তুষ্ট ছিল না।
ঘটনার দিন রোববারও দীপিকা কেঁদে কেঁদে তার বাবাকে ফোন করে জানান যে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর ও গালিগালাজ করছে।
খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় সঞ্জয় নগর কয়েকজন আত্মীয়কে নিয়ে বেয়াই বাড়ি যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারা চলে আসার পরপরই, রাত সাড়ে ১২টার দিকে খবর পান যে দীপিকা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন।
আত্মহত্যার দাবি প্রত্যাখ্যান করে বাবা সঞ্জয় বলেন, “ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। মারধরের পর সবাই মিলে তাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। এটা কোনোভাবেই আত্মহত্যা নয়, এটা হত্যাকাণ্ড। ওর পেটে ছুরি বা স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাতের চিহ্ন আছে। যৌতুকের লোভেই এই পিশাচগুলো আমার মেয়েকে খুন করেছে।”
হাসপাতালে নেওয়ার পর দীপিকার শরীরে আঘাতের চিহ্ন এবং নাক-কান দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে বলে দাবি করেছে তার পরিবার।
বিয়েতে যৌতুক দেওয়া নিয়ে আক্ষেপ করে বাবা বলেন, “এখন চরম অনুশোচনা হচ্ছে। কিন্তু এখন আর কী করার আছে? আমার মেয়ে তো চলেই গেল। গাড়ি দিয়ে এখন কী লাভ?”
