ট্রাম্প-পুতিন সাক্ষাৎ ‘কয়েক দিনের মধ্যেই’, জানালেন ক্রেমলিন কর্মকর্তা
যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেইনের দুই প্রেসিডেন্টের সঙ্গে ‘শিগগির’ সশরীরে দেখা হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এমনটা বলার কয়েক ঘণ্টা পর মস্কোর দিক থেকেও সবুজ সঙ্কেত পাওয়া গেল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামনের ‘কয়েক দিনের মধ্যেই’ একে অপরের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের এক উপদেষ্টা।
যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেইনের দুই প্রেসিডেন্টের সঙ্গে ‘শিগগির’ সশরীরে দেখা হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এমনটা বলার কয়েক ঘণ্টা পর ক্রেমলিন থেকে এ বার্তা এল, জানিয়েছে বিবিসি।
যুদ্ধবিরতিতে রাজি হও, নাহলে আরও নিষেধাজ্ঞা, রাশিয়াকে বেঁধে দেওয়া ট্রাম্পের এ সময়সীমা শুক্রবার শেষ হতে যাচ্ছে।
তার আগে বুধবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়। এর পর থেকেই ওয়াশিংটনে রাশিয়া-যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতার বৈঠক ‘আসন্ন’ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
উইটকফ এর আগেও চারবার মস্কো সফর করেছিলেন, এবং প্রতিবারই ট্রাম্প যুদ্ধ বন্ধে ভালো খবর আসছে বলে আশ্বাসও দিয়েছিলেন। যদিও এখন পর্যন্ত শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি দেখা যায়নি।
পশ্চিমা গণমাধ্যমগুলো ট্রাম্প-পুতিনের পাশাপাশি ট্রাম্প-পুতিন-ভলোদিমির জেলেনস্কি বৈঠক নিয়েও বেশ আগ্রহী। এ প্রসঙ্গে বুধবার রাতে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তিন নেতার বৈঠকের ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে।
পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উষাকভ জানান, মস্কোতে বুধবার উইটকফের সঙ্গে বৈঠকে এ প্রসঙ্গ এসেছে। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বলেননি তিনি।
রুশ গণমাধ্যমগুলো বলছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে পুতিনের ‘আগ্রহ নেই’ বলেই মনে হচ্ছে।
এদিকে জেলেনস্কি আবার আলোচনায় ইউরোপকে রাখতে চাইছেন।
ইউক্রেইনের এ প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, শীর্ষ নেতাদের মধ্যে দুটি দ্বিপাক্ষিক ও একটি ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনা চলছে।
“ইউক্রেইন বৈঠককে ভয় পায় না, এবং রাশিয়ার দিক থেকেও এই ধরনের সাহসী দৃষ্টিভঙ্গি দেখতে চায়,” এক্সে বলেছেন তিনি।
উষাকভ জানান, ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠকের স্থান নিয়ে ঐকমত্য হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। বৈঠক নিয়ে সব পক্ষ কাজও শুরু করেছে।
গত মাসে ট্রাম্প বিবিসিকে বলেছিলেন, উইটকফের চারবারের সফরের পরও কোনো অগ্রগতি না হওয়ায় তিনি পুতিনের ওপর হতাশ, যদিও শুরুর দিকে তিনি আশাবাদ দেখেছিলেন।
বুধবার এ কারণেই তাকে সতর্ক আশাবাদ ব্যক্ত করতে দেখা গেছে।
“আমি একে ব্রেক থ্রু বলছি না। আমরা দীর্ঘ দিন ধরে এ নিয়ে কাজ করছি। হাজার হাজার তরুণ মারা পড়ছে, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই,” সাংবাদিকদের এমনটাই বলেছিলেন তিনি।
বুধবার উইটকফ-পুতিন বৈঠকের পর ক্রেমলিন সাদামাটাভাবে বলেছিল, আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে এবং দুই পক্ষের মধ্যেই ‘সঙ্কেত’ আদান-প্রদান হয়েছে।
এদিকে জেলেনস্কি বলেছেন, তিনি উইটকফের সফর নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, ওই ফোনালাপে ইউরোপের নেতারাও ছিলেন।
ইউক্রেইনের এ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, রাশিয়া শান্তির ব্যাপারে তখনই কার্যকর পদক্ষেপ নেবে যখন তার অর্থ ফুরিয়ে যেতে শুরু করবে।
এতসবের মধ্যেও রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেইনে বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন অঞ্চলে তাদের সামরিক বাহিনী একের পর এক গ্রাম দখলেও নিয়ে নিচ্ছে।
মস্কোর ওপর চাপ বাড়াতে ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর বাড়তি ২৫% শুল্কও বসিয়েছেন। নয়া দিল্লি রাশিয়ার তেল কিনে ক্রেমলিনের যুদ্ধের খরচ যোগাচ্ছে বলে কিছুদিন ধরেই ওয়াশিংটনকে অভিযোগ করতে দেখা যাচ্ছিল।
অন্যদিকে ভারত বলেছে, তারা তাদের ‘লাভ’ বিবেচনা করেই রাশিয়ার তেল কিনছে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখনও ব্যবসা করে যাচ্ছে জানিয়ে একই রকম কারণে নয়া দিল্লির ওপর শুল্ক আরোপকে ‘অন্যায্য, অন্যায় ও অযৌক্তিকও’ আখ্যা দিয়েছে তারা।
জানুয়ারিতে ক্ষমতায় বসার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি একদিনের মধ্যেই ইউক্রেইনে যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।
অথচ তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উল্টো রাশিয়া তার আক্রমণের ধার আরও বাড়িয়েছে; আর যত দিন গেছে মস্কোর প্রতি ট্রাম্পের হুমকিও ক্রমাগত বেড়েছে।
অবশ্য এর মধ্যে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে তিন দফা শান্তি আলোচনাও হয়েছে। যদিও সেসব আলোচনায় যুদ্ধবন্দি বিনিময় ছাড়া কোনো অগ্রগতিই দেখা যায়নি।
ইউক্রেইনে যুদ্ধ বন্ধে মস্কোর যেসব দাবি, তার মধ্যে আছে- ইউক্রেইনকে নিরপেক্ষ রাষ্ট্রতে পরিণত হতে হবে, কোনোদিনও নেটোতে যুক্ত হতে পারবে না এবং কিইভের সামরিক বাহিনীর আকার ছোট করে ফেলতে হবে। এর পাশাপাশি ইউক্রেইনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজিয়া থেকে সৈন্য প্রত্যাহারেরও শর্ত দিয়েছে তারা।
এসব এলাকা ও ক্রাইমিয়া যে রাশিয়ার তার আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাশিয়ার ওপর দেওয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।
আরও পড়ুন
