২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন বিষয়ে ‘আগামী সপ্তাহেই’ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

ট্রাম্প বলেছেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান আর রাশিয়ার নেতা ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান।

ইউক্রেইন বিষয়ে ‘আগামী সপ্তাহেই’ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 10:13 AM

Updated : 26 Aug 2026, 01:31 PM

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। 

ইউক্রেইন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প; যাকে ‘দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা’ বলছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার থেকে জ্বালানি আমদানি করা চীনের ওপরও এই দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করা হতে পারে। 

রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্র এই দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার মধ্যেই হোয়াইট হাউজের ওই কর্মকর্তা ট্রাম্প-পুতিনের আশু সাক্ষাতের সম্ভাবনার কথা জানালেন। 

পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করা শেষ মার্কিন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। ২০২১ সালের জুনে, ইউক্রেইনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় আট মাস আগে জেনিভায় তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তারপর থেকে ট্রাম্প-পুতিনের বৈঠকটি হতে পারে এ ধরনের প্রথম সাক্ষাৎ। 

পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে আর কোনো বৈঠক হয়নি আর তাদের পরস্পরের প্রতি এক অপরের অবজ্ঞা কোনো গোপন বিষয় না।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বুধবার ইউরোপীয় নেতাদের করা এক কলে ট্রাম্প বলেছেন যে তিনি পুতিনের সঙ্গে দেখা করতে চান আর তারপর রাশিয়ার নেতা ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান।  

বুধবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: রয়টার্স 

বুধবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ

এ দিন ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “খুব শিগগিরই একটা বৈঠক হওয়ার ভালো সম্ভাবনা আছে।”

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, “রাশিয়ানরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা আগ্রহ প্রকাশ করেছে আর প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলনস্কি, উভয়ের সঙ্গে সাক্ষাৎ করতে প্রেসিডেন্ট (ট্রাম্প) রাজি আছেন।”   

এ বিষয়ে বিস্তারিত প্রকাশ পায় বুধবার পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর। তাদের আলোচনায় ইউক্রেইন নিয়ে ‘বড় অগ্রগতি’ হয়েছে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান ট্রাম্প। তবে পরে তিনি জানান, এই অগ্রগতিকে ‘যুগান্তকারী’ বলছেন না তিনি। 

ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ‘ভালো ও গঠনমূলক’ হয়েছে। 

মস্কোকে ইউক্রেইনে যুদ্ধবিরতিতে রাজি হতে অথবা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়।  

ইউক্রেইন যুদ্ধ শেষ করার মার্কিন উদ্যোগে কোনো অগ্রগতি না হওয়ায় পুতিনের বিষয়ে ট্রাম্পের হতাশা বেড়েই চলেছে। হতাশ ট্রাম্প এবার মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার তেলসহ অন্যান্য পণ্য আমদানি করা দেশগুলোর ওপরও উচ্চ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। 

বুধবার ট্রাম্প আরও বলেছেন, রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর যেমন অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেরকম চীনের ওপরও আরোপ করা হতে পারে।  

তিনি বলেছেন, “আমরা ভারতের সঙ্গে এটি করেছি। আমরা সম্ভবত অন্য আরও কয়েকটি দেশের সঙ্গে এমনটি করবো। তাদের মধ্যে একটি হতে পারে চীন।”  

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় ইউক্রেইন নিয়ে 'বড় অগ্রগতি' হয়েছে:

যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপকে 'অন্যায্য' বলল ভারত