Published : 17 Jun 2026, 02:35 PM
লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত হামলা ‘একটি সামরিক প্রতিক্রিয়া’ উস্কে দিতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।
গত দুই দিনে ইসরায়েলি বাহিনী ৮৪ বার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইরানের।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম আল-আনবিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার ঘোষণা দেওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়েই যাচ্ছে। তারা গত দুই দিনে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর তাদের অব্যাহত হামলায় লেবাননে অনেক হতাহত হচ্ছে।
খাতাম আল-আনবিয়া সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের ‘আগ্রাসন’ বন্ধ না করলে তাদের ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে একটি ‘জোরালো প্রতিক্রিয়া’ প্রত্যাশা করা উচিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ শুর করলে পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এই সামরিক সংঘাতের সপ্তাতি টানতে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। কিন্তু এই সমঝোতা সত্ত্বেও লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (মউ) শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এই মউয়ের প্রধান শর্তগুলোর মধ্যে বিশেষভাবে লেবাননেসহ আঞ্চলিক যুদ্ধক্ষেত্রগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করার কথা বারবার উল্লেখ করেছেন ইরানি কর্মকর্তারা।
তবে ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, প্রত্যাশিত সমঝোতা সত্ত্বেও লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাবেন তারা। এতে লেবাননের যুদ্ধক্ষেত্রে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলার শিকার হয়েছে লেবানন। ২ মার্চ থেকে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালাতে গিয়ে ইসরায়েল দেশটির প্রায় ৩৮০০ মানুষকে হত্যা করেছে আর আরও প্রায় ১২ লাখ নাগরিককে বাস্তুচ্যুত করেছে।
ইসরায়েল দক্ষিণ লেবাননের বহু এলাকা দখল করে রেখেছে। কিছু এলাকা কয়েক দশক ধরে আর কিছু এলাকা ২০২৩ ও ২০২৪ সালে যুদ্ধ চলাকালে দখল করেছে। এবার ইসরায়েলি বাহিনী তাদের উত্তর সীমান্ত থেকে লেবাননের ১০ কিলোমিটারেরও বেশি ভেতরে ঢুকে পড়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর লড়াইয়ের তীব্রতা কমেছে লেবাননে
ইরান, যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সম্মত হওয়ায় সংঘাতের পথে ট্রাম্প ও নেতানিয়াহু