২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চীনের চেংদুর দুই কোটি বাসিন্দা লকডাউনে

প্রতিদিন পরিবারের একজন সদস্য নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।

কোভিড: চীনের চেংদুর দুই কোটি বাসিন্দা লকডাউনে

ছবি রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 03:15 PM

Updated : 01 Sep 2022, 03:14 PM

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের বড় শহরগুলোর মধ্যে অন্যতম চেংদুর কর্তৃপক্ষ শহরটির ২ কোটি ১২ লাখ বাসিন্দার ওপর কঠোর বিধিনিষেধ দিয়েছে।

তারা শহরজুড়ে ৪ দিনব্যাপী কোভিড-১৯ শনাক্তে গণপরীক্ষারও ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একাধিক শহরকে এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় লড়তে হচ্ছে।

চেংদু শহর কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় সিচুয়ান প্রদেশের এ রাজধানীর বাসিন্দাদেরকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে। তবে প্রতিদিন পরিবারের একজন সদস্য নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।

সাংহাইয়ের পর লকডাউনে যাওয়া চীনের সবচেয়ে বড় শহরই চেংদু। কোভিড মোকাবেলায় চলতি বছর সাংহাই দুই মাস কঠোর লকডাউনে ছিল।

চেংদুতে কোভিড শনাক্তে গণপরীক্ষা রোববার পর্যন্ত চলবে, এরপর শহরটির বিধিনিষেধ শিথিল হবে কিনা, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।

চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেন ও উত্তরপূর্বের দালিয়ানসহ আরও কয়েকটি শহরে করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ কঠোর হয়েছে। কোথাও ঘরে থেকে অফিসের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ একাধিক জেলার কোথাও আবার বিনোদন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

এসব পদক্ষেপের কারণে চীনের কোটি কোটি মানুষকে নানান অর্থনৈতিক সমস্যায় ভুগতে হচ্ছে। চীন শুরু থেকেই সংক্রমণ প্রতিরোধে ‘শূন্য কোভিড’ নীতি নিয়েছিল। অর্থ্যাৎ, যেখানেই কোভিড রোগী বাড়তে দেখা যাবে, সেখানেই লকডাউনসহ কঠোর বিধিনিষেধ দিয়ে সংক্রমণ শূণ্যে নেমে আসার আগ পর্যন্ত বিধিনিষেধ না তোলা।

অন্য দেশগুলো যখন ভাইরাসকে সঙ্গী করেই অগ্রসর হওয়ার পথ বেছে নিয়েছে, তখনও চীন এ ‘শূন্য কোভিড’ নীতিতেই অটল আছে।

এখন বেশিরভাগ বিধিনিষেধই অল্পদিন করে থাকছে, তবে উত্তর চীনের দুটি প্রাদেশিক শহরে পূর্বপ্রতিশ্রুত সময়ের তুলনায় বিধিনিষেধ কিছুটা বাড়িয়েছে।

চেংদু কর্তৃপক্ষ জরুরি নয় এমন খাতগুলোর কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে, খুব প্রয়োজন না পড়লে বাসিন্দাদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে।

যারা তাদের বাসাবাড়ি ছেড়ে অন্যত্র প্রয়োজনীয় কাজে বা হাসপাতালে যাবেন, তাদেরকে এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্মাণখাত সংশ্লিষ্ট কারখানা যেগুলো বদ্ধ জায়গায় পরিচালনা করা যায়, সেগুলোর কর্মীরা বাড়ি থেকে কাজ করার নির্দেশনায় ছাড় পাবেন।

লকডাউন জারির পর চেংদুমুখী ও চেংদু থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে বলে ফ্লাইট মাস্টারের তথ্যে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত শুয়াংলিউ বিমানবন্দরের ৩৯৮টি ফ্লাইট বাতিল হয়েছে, তিয়ানফু বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৭২৫।

হংকং সীমান্তবর্তী চীনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও পরিবহন হাব শেনঝেনের সবচেয়ে জনবহুল জেলা বাওয়ানে বৃহস্পতিবার থেকে তিনদিন বড় বড় সব অনুষ্ঠান ও চার দেয়ালের মধ্যকার আনন্দ আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে। আবাসিক ভবনগুলোতে ঢোকার সময় লোকজনের ডিজিটাল হেলথ ক্রেডেনসিয়াল ভালোভাবে খতিয়ে দেখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

শহরটির ১০টি জেলার মধ্যে বাওয়ানসহ অর্ধেক জেলাতেই বিনোদন সংশ্লিষ্ট ভেন্যু বন্ধ এবং কয়েকদিনের জন্য রেস্তোরাঁয় বসে খাওয়া স্থগিত রাখতে বা কমিয়ে আনতে বলা হয়েছে।

তবে ‍এর মধ্যে দুটি জেলার বিধিনিষেধ বৃহস্পতিবারই তুলে নেওয়ার কথা রয়েছে।