গ্রিনল্যান্ড নিতে সামরিকসহ নানান বিকল্প নিয়ে কথা চলছে, জানাল হোয়াইট হাউস
“গ্রিনল্যান্ড এর জনগণের। কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই তাদের সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে,” মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এমনটাই বলেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণে ‘নানা ধরনের বিকল্প’ নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে সামরিক বাহিনীকে কাজে লাগানোর বিষয়টিও আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
নেটো সদস্যভুক্ত ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারে’ আছে বলেও বিবিসিকে বলেছে তারা।
আর্কটিকের এ দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের দখলে নিতে ট্রাম্পের আকাঙ্ক্ষাকে ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডেনমার্ক। মঙ্গলবার ইউরোপের নেতারা এক যৌথ বিবৃতি দিয়ে ডেনমার্কের পাশেও দাঁড়িয়েছেন। তার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউস গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগ্রহের কথা ফের জানাল।
সপ্তাহান্তে ট্রাম্প তার দাবির বিষয়টি সামনে এনে বলেছিলেন, নিরাপত্তাজনিত কারণেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড ‘দরকার’। এর পাল্টায় ডেনিশ প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেদেরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা নেটোর ইতি টানবে।
মঙ্গলবার এ ব্যাপারে হোয়াইট হাউস বলেছে, “গুরুত্বপূর্ণ এই বৈদেশিক নীতি সংক্রান্ত উদ্দেশ্য পূরণে নানান বিকল্প নিয়ে আলাপ আলোচনা করছেন প্রেসিডেন্ট ও তার দলবল। অবশ্যই, মার্কিন সামরিক বাহিনীকে কাজে লাগানোর সুযোগ তো কমান্ডার ইন চিফের এখতিয়ারে সবসময়ই থাকে।”
ট্রান্স-আটলান্টিক সামরিক জোট নেটোর সদস্য দেশগুলো বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় একে অপরের পাশে দাঁড়াতে আইনিভাবে বাধ্য।
মঙ্গলবার ৬ ইউরোপীয় মিত্র গ্রিনল্যান্ড প্রসঙ্গে ডেনমার্কের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
“গ্রিনল্যান্ড এর জনগণের। কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই তাদের সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে,” যৌথ বিবৃতিতে এমনটাই বলেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা।
যুক্তরাষ্ট্রের মতো তারাও আর্কটিকের নিরাপত্তার ব্যাপারে সজাগ জানিয়ে বিবৃতিতে ইউরোপের এ দেশগুলো বলছে, নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য যুক্তরাষ্ট্রসহ নেটো মিত্রদের দিয়েই ‘সম্মিলিতভাবে’ অর্জন করা সম্ভব।
তারা ‘সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও সীমান্ত অক্ষুণ্ণ রাখাসহ জাতিসংঘ সনদের মূলনীতিগুলো মেনে চলারও’ আহ্বান জানান।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইন্স ফ্রেদেরিক নিলসেন এ বিবৃতিকে স্বাগত জানিয়ে ‘সম্মানজনক সংলাপের’ আহ্বান জানিয়েছেন।
“সংলাপটি অবশ্যই সেই বাস্তবতার প্রতি সম্মান রেখে হতে হবে যেখানে আন্তর্জাতিক আইন ও ভূখণ্ডগত অখণ্ডতার নীতির ভিত্তিতে থাকা গ্রিনল্যান্ডের মর্যাদা অক্ষুণ্ন থাকে,” বলেছেন নিলসেন।
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সেখান থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ প্রসঙ্গটি নতুন করে সামনে এসেছে।
ভেনেজুয়েলায় অভিযান চালানোর পরদিন ট্রাম্পের ঊর্ধ্বতন এক সহযোগীর স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন পতাকার রঙে ঢাকা গ্রিনল্যান্ডের একটি ম্যাপ পোস্ট করে লেখেন, “শিগগিরই।”
সোমবার তার স্বামী স্টিফেন মিলার বলেছেন, “যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থান হচ্ছে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত।”
এর নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগের সম্ভাবনা যুক্তরাষ্ট্র খারিজ করছে কিনা বারবার করা এমন প্রশ্নের জবাবে সিএনএনকে মিলার বলেন, “গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে কেউই যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে জড়াবে না।”
অনামা এক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র মূলত যেসব বিকল্পের কথা গুরুত্ব দিয়ে ভাবছে তার মধ্যে আছে গ্রিনল্যান্ডকে পুরোপুরি কিনে নেওয়া কিংবা ভূখণ্ডটির সঙ্গে কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন (সিএফএ) গড়া। সিএফএ হলে ভূখণ্ডটি অভ্যন্তরীণ ব্যাপারে স্বাধীন থাকলেও এর নিরাপত্তা ও প্রতিরক্ষা ওয়াশিংটনের হাতে চলে যাবে।
এসব বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী যা মার্কিন নাগরিক ও গ্রিনল্যান্ডের জনগণের উপকারে আসবে।
“আমাদের প্রতিপক্ষরা আর্কটিকে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে, যে উদ্বেগের বিষয়টি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও নেটো মিত্ররা উপলব্ধি করতে পারছে।”
সোমবার ক্যাপিটল হিলে এক গোপন ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের বলেছেন, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড জোরজবরদস্তিমূলক দখলের পরিকল্পনা করছে না। তবে তিনি ডেনমার্কের কাছ থেকে এটি কিনে নেওয়ার প্রসঙ্গটি এনেছেন, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
গ্রিনল্যান্ড ও ডেনমার্ক এর আগে বলেছিল, তারা দ্বীপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রসঙ্গে আলোচনা করতে রুবিওর সঙ্গে বসতে চায়।
শীর্ষ মার্কিন কূটনীতিকের সঙ্গে আলোচনায় ‘কিছু ভুল বোঝাবুঝির’ অবসান হতে পারে, বলেছেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লারস লোক্কে রাসমুসেন।
মঙ্গলবার বিবিসির সঙ্গে কথোপকথনে মিজৌরির রিপাবলিকান সেনেটর এরিক স্মিট গ্রিনল্যান্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ব্যাপারই জোরের সঙ্গে উত্থাপন করেছেন।
“আমার ধারণা, এখনও বিষয়টি আলোচনা পর্যায়েই রয়েছে। আমার আশা, শক্তিশালী আমেরিকা যে ভালো তা ইউরোপ বুঝবে, এটা পশ্চিমা সভ্যতার জন্য ভালো,” বলেছেন তিনি।
আর্কটিকে একটি শক্তিশালী কৌশলগত হাব গড়ে তুলতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ভাবনার কথা ট্রাম্প তার প্রথম মেয়াদেই বলেছিলেন।
“মূলত এটি একটি বড় রিয়েল এস্টেট চুক্তি,” ২০১৯ সালেই বলেছিলেন এ রিপাবলিকান।
গ্রিনল্যান্ডকে ঘিরে রাশিয়া ও চীনের আগ্রহও ক্রমশ বাড়ছে। খনন করা হয়নি এমন বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও বিরল মৌলের ভাণ্ডার এ দ্বীপ। আর্কটিকের বরফ গলতে থাকায় দ্বীপটির কাছ ঘেঁষে নতুন বাণিজ্য পথের সম্ভাবনাও বাড়ছে।
এ কারণেই অঞ্চলটির দখল পেতে ‘যা করা সম্ভব সব করার’ হুমকি মার্চেই দিয়েছিলেন ট্রাম্প।
গেল গ্রীষ্মে কংগ্রেসের এক শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে গ্রিনল্যান্ড দখলে পেন্টাগনের পরিকল্পনা আছে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে হেগসেথ বলেন, “যে কোনো পরিস্থিতির জন্যই তাদের প্রস্তুতি রয়েছে।”
গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৭ হাজার; দ্বীপটি ১৯৭৯ সাল থেকেই বিস্তৃত স্বায়ত্তশাসন ভোগ করছে। তবে এর প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের হাতে।
দ্বীপটির অধিকাংশ মানুষ ডেনমার্ক থেকে স্বাধীন হতে চাইলেও তারা একইসঙ্গে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ারও বিরোধী, বলছে একাধিক জনমত জরিপ। সেখানে এখনই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে।
