Published : 22 Feb 2025, 06:39 PM
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের বক্তব্যের ধারা পাল্টে এবার বললেন, আসলে রাশিয়া ইউক্রেইন আক্রমণ করেছিল আর যুদ্ধ শেষ করার প্রচেষ্টার অংশ হিসেবে কিইভ শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি করতে যাচ্ছে।
এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিন বছর আগে ইউক্রেইনের এই যুদ্ধ ‘শুরু করা উচিত হয়নি’। তার এই বক্তব্যের পর দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার ঢেউ বয়ে যায়।
এরপর শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টির ওপর জোর দিয়ে তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে রাশিয়া ইউক্রেইন আক্রমণ করেছিল।
তিনি বলেন, “রাশিয়া আক্রমণ করেছিল, কিন্তু তাকে আক্রমণ করতে দেওয়া তাদের উচিত হয়নি।”
এই আক্রমণ এড়াতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি; জানিয়েছে রয়টার্স।
পরে ট্রাম্প ঘোষণা করেন, শিগগিরই খনিজ নিয়ে ইউক্রেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হতে যাচ্ছে।
ওভাল দপ্তরে ইউক্রেইনের খনিজ নিয়ে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “আশা করি পরবর্তী অল্প সময়েই মধ্যেই আমরা একটি চুক্তি স্বাক্ষর করছি।”
শুক্রবার পৃথকভাবে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেইনীয় ও মার্কিন টিমগুলো একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছে।
চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে তীব্র কথা চালাচালি হওয়ার পর এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “আমি একটি ন্যায্য ফলাফল আশা করছি।”
বুধবার ট্রাম্প জেলেনস্কিকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত করে তার নিন্দা করেন এবং রাশিয়ার সঙ্গে শান্তি সুরক্ষিত করতে জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আর নয়তো তার দেশ হারানোর ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেন।
ইউক্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক যুক্তরাষ্ট্রের এই সুরের পরিবর্তনে ইউরোপের কর্মকর্তারা শঙ্কিত হয়ে পড়েন আর পুতিনের পক্ষে যাওয়া একটি শান্তি চুক্তি করতে কিইভ বাধ্য হতে পারে বলে আশঙ্কা করতে থাকেন।
ট্রাম্প রাশিয়ার তৈরি করা ‘ভুল তথ্যের জগতে বাস করছেন’, জেলেনস্কির এমন মন্তব্যে ট্রাম্প ওই তীব্র প্রতিক্রিয়া দেখানোর পর ইউক্রেইনের প্রেসিডেন্ট সুর নরম করে বলেন, ‘আমেরিকান বাস্তববাদের’ আশা করছেন তিনি।
ওয়াশিংটন এ পর্যন্ত যুদ্ধকালীন যে সহায়তা দিয়েছে তার বদলে ইউক্রেইনের কাছ থেকে ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের খনিজ সম্পদ দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে বুধবার জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই অঙ্কের কাছাকাছি কোনো সহায়তা সরবরাহ করেনি এবং চুক্তিতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তাও দেয়নি।
ইউক্রেইনের কৌশলগত খনিজের মূল্যবান মজুদ আছে যেগুলো যুক্তরাষ্ট্র চায়। এসব খনিজের মধ্যে ইউরেনিয়াম, লিথিয়াম, কোবাল্ট, বিরল মৃত্তিকাসহ আরও অনেক কিছু আছে। এসব খনিজ সমরাস্ত্র, ব্যাটারি, প্রযুক্তি পণ্য ও মহাকাশযান তৈরিতে ব্যবহৃত হয়।
আরও খবর:
'স্বৈরশাসক' জেলেনস্কি দ্রুত পদক্ষেপ না নিলে ইউক্রেইন হারাবে: ট্রাম্প