২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ‘বাস্তবতা অস্বীকার করছেন’ নেতানিয়াহু: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া প্রথমবারের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই সমালোচনা করলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ‘বাস্তবতা অস্বীকার করছেন’ নেতানিয়াহু: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ছবি রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 06:54 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বাস্তবতা অস্বীকার করছেন’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

অস্ট্রেলিয়া প্রথমবারের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে বলে সোমবার ঘোষণা দেওয়ার পরদিন আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই সমালোচনা করলেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি-কে আলবানিজ বলেন, গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি গাজার মানবিক সংকটের কথা তুলেছিলেন। 

সেই আলাপে নেতানিয়াহু আবারও তার আগের বক্তব্যই পুনরাবৃত্তি করেছেন। নিরপরাধ মানুষের ওপর যে ভয়াবহ পরিণতি নেমে আসছে, তা নেতানিয়াহু অস্বীকার করেছেন বলে জানান আলবানিজ।

সোমবার আলবানিজ ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত শর্তসাপেক্ষ। ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনও সম্পৃক্ততা থাকবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় ডানপন্থি নেতা সুসান লে অবশ্য এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

সম্প্রতি গাজায় ক্ষুধা ও অপুষ্টির খবর এবং ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা প্রকাশ পাওয়ার পর অস্ট্রেলিয়ায় জনমত দ্রুত বদলে গেছে। 

চলতি মাসে সিডনির হারবার ব্রিজে কয়েক হাজার মানুষ গাজায় সহায়তা পৌঁছানোর দাবিতে মিছিল করেছে। আলবানিজের মধ্য-বামপন্থি লেবার পার্টি এতদিন এ বিষয়টিতে জনমতের বিভক্তির কারণে উদ্বিগ্ন ছিল।

 তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর গাজায় অভিযান বাড়ানোর সিদ্ধান্ত এবং ভূখণ্ডটিতে মানুষের ক্ষুধা ও অপুষ্টি বাড়তে থাকার খবরের মাঝে অস্ট্রেলিয়ায় জনমতের পরিবর্তনই অবস্থান বদলে দিয়েছে বলেই মত বিশ্লেষকদের।

এদিকে, প্রতিবেশী নিউজিল্যান্ড এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এই বিলম্বের সমালোচনা করে বলেছেন, “এমন বিপর্যয়কর পরিস্থিতিতে আমাদের একসঙ্গে আওয়াজ তোলা উচিত—কোনও সূক্ষ্ম বিতর্কে জড়ানো উচিত নয়।”