১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ থেকে পড়ে ২ পর্বতারোহীর মৃত্যু

বরফের বিপজ্জনক সব খাদ ও পরিবর্তনশীল আবহাওয়ার কারণে অভিজ্ঞ পর্বতারোহীদের জন্যও অওরাকি শৃঙ্গের চূড়ায় ওঠা বেশ কষ্টসাধ্য।

নিউ জিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ থেকে পড়ে ২ পর্বতারোহীর মৃত্যু
অওরাকি মাউন্ট কুকের চূড়ায় ওঠার চেষ্টা করে এখন পর্যন্ত কয়েক ডজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

নিউ জিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অওরাকি থেকে পড়ে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অওরাকি অনেকের কাছে মাউন্ট কুক নামেও পরিচিত।

বিবিসি জানিয়েছে, চার পর্বতারোহীর একটি দল ৩ হাজার ৭২৪ মিটার উঁচু এ শৃঙ্গে ওঠার চেষ্টা করেছিলেন। এদের মধ্যে দুইজনের মৃত্যু হলেও বাকি দুজন অক্ষত আছেন। 

জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর মঙ্গলবার হেলিকপ্টারযোগে এ দুজনকে উদ্ধার করা হয়। 

তাদেরকে উদ্ধারের কয়েক ঘণ্টা পর ক্লাইম্বিং হার্নেসে (নিরাপত্তার জন্য ব্যবহৃত বেল্ট ও স্ট্র্যাপের সেট) ঝোলা দুই পর্বতারোহীর মৃতদেহও মেলে। কর্তৃপক্ষ এখন ‘ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই’ মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে।  

বরফের বিপজ্জনক সব খাদ ও পরিবর্তনশীল আবহাওয়ার কারণে অভিজ্ঞ পর্বতারোহীদের জন্যও অওরাকি শৃঙ্গের চূড়ায় ওঠা বেশ কষ্টসাধ্য।

মৃত পর্বতারোহীদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিউ জিল্যান্ডের গণমাধ্যম স্টাফ জানিয়েছে, নিহতদের মধ্যে আন্তর্জাতিকভাবে সুপরিচিত এক গাইডও রয়েছেন।  

বছরখানেক আগে যুক্তরাষ্ট্র ও কানাডার তিন পর্বতারোহীও ওই পাহাড়ে নিখোঁজ হয়ে যান। কয়েক দিনের অভিযান শেষে তাদের মৃত ঘোষণা করা হয়, যদিও এখন পর্যন্ত তাদের মৃতদেহ মেলেনি। বাজে আবহাওয়ার কারণে অনুসন্ধান অভিযান বিঘ্নিত হয় বলে সেসময় বলেছিল কর্তৃপক্ষ। 

অওরাকি মাউন্ট কুকের চূড়ায় ওঠার চেষ্টা করে এখন পর্যন্ত কয়েক ডজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। প্রতি মৌসুমেই অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউ জিল্যান্ডের অ্যালপাইন ক্লাব ক্লাইম্বএনজেড।