২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পর কিউবা, বললেন ট্রাম্প

“কিউবায় যা হচ্ছে চমৎকার। আমরা মনে করছি, আগে আমরা প্রথমে এটা (ইরান) শেষ করি। এরপর সেটা সময়ের ব্যাপার হবে,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের পর কিউবা, বললেন ট্রাম্প
দীর্ঘ লোডশেডিংয়ে বিপর্যস্ত কিউবার রাজধানী হাভানার একাংশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 02:23 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

কিউবায় শাসনব্যবস্থা বদলানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইরানে যুদ্ধ শেষ করার পরই কমিউনিস্ট পার্টি-শাসিত দেশটির ব্যাপারে ব্যবস্থা নেবে। 

ফুটবল দল ইন্টার মিয়ামির হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবা নিয়ে ‘অসাধারণ কাজ’ করায় ধন্যবাদও দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। 

কিউবার দুর্বল অর্থনীতিকে আরও চেপে ধরতে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কিউবার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। 

“কিউবায় যা হচ্ছে চমৎকার। আমরা মনে করছি, আগে আমরা প্রথমে এটা (ইরান) শেষ করি। এরপর সেটা সময়ের ব্যাপার হবে,” বলেছেন তিনি। 

ফ্লোরিডা থেকে সমুদ্রপথে দেড়শরও কম কিলোমিটার দূরে অবস্থিত কিউবার শাসনব্যবস্থা পরিবর্তনে ট্রাম্প ও তার মিত্ররা গত কয়েকমাস ধরে নিয়মিতই হুমকি ধামকি দিয়ে আসছেন। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে অপহরণের পর মার্কিন এ প্রেসিডেন্ট জানান, তিনি হাভানার তেল পাওয়ার সব উপায় বন্ধ করে দিতে যাচ্ছেন। কয়েক দশকব্যাপী মার্কিন নিষেধাজ্ঞার কারণে তীব্র অর্থনৈতিক সঙ্কটে থাকা কিউবা ভেনেজুয়েলার তেলের ওপর অনেকখানি নির্ভরশীল ছিল। 

ট্রাম্প তার আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্বব্যাপী একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। লাতিন আমেরিকাতেও তার সামরিক উপস্থিতি সেখানকার দেশগুলোর ভেতর ভয় ধরাচ্ছে। ট্রাম্প এর আগে বলেছিলেন, নিকট ভবিষ্যতে ‘কিউবা পতনের জন্য প্রস্তুত’ বলেই মনে হচ্ছে। 

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যে অভিযান চালিয়েছিল, তাতে যে কয়েক ডজন মানুষ নিহত হয়, তার মধ্যে কিউবানরাও ছিল। ওয়াশিংটনের এ অভিযান আন্তর্জাতিক আইনে ‘অবৈধ’ মনে হলেও এ বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুব বেশি গা করতে দেখা যাচ্ছে না। 

“নানাভাবে অসাধারণ সব সাফল্য পেয়েছি আমরা। প্রথম মেয়াদে আমি সামরিক বাহিনী গড়ে তুলেছি এবং পুনর্গঠন করেছি, এবং আমরা তা ব্যবহার করছি, খোলাখুলি বলতে গেলে, যতটা ব্যবহার করতে চাই তার চেয়ে বেশি-ই; কিন্তু যখনই আমরা এটি ব্যবহার করি, আমরা দেখেছি যে এটি কাজ করছে,” বিশ্বজুড়ে মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গে বলেন ট্রাম্প।

“আমরা যখন ভেনেজুয়েলার দিকে তাকাই, যখন আমরা ইরানে মিডনাইট হ্যামারের দিকে তাকাই, যা আমরা এখন যা করছি তার ভিত্তি গড়ে দিয়েছে, সেটা বেশ অসাধারণ ছিল,” দম্ভভরে বলেন মার্কিন প্রেসিডেন্ট।