২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ইসরায়েলের হামলাকে সমর্থন করিনি: যুক্তরাষ্ট্র

ইসরায়েল এ সপ্তাহে দ্রুজদের রক্ষার অঙ্গীকার করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর পাশাপাশি রাজধানী দামেস্কেও ভারি বিমান হামলা চালায়।

সিরিয়ায় ইসরায়েলের হামলাকে সমর্থন করিনি: যুক্তরাষ্ট্র
সিরিয়ায় ইসরায়েলের হামলায় ধসে পড়া ভবন। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 18 Jul 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র সমর্থন করেনি বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। তারা জানিয়েছে, উত্তেজনা বেড়ে যাওয়ার পর ওয়াশিংটন তাদের অসন্তোষ স্পষ্টভাবে জানিয়ে দিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।

বুধবার ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি রাজধানী দামেস্কেও ভারি বিমান হামলা চালায়। দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই এই হামলা বলে জানায় ইসরায়েল। এই সম্প্রদায়টি সংখ্যালঘু হলেও সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে প্রভাবশালী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “ইসরায়েলের এই হস্তক্ষেপ এবং তৎপরতার বিষয়ে বলতে গেলে... যুক্তরাষ্ট্র (সিরিয়ায়) সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে সমর্থন করেনি।”

তিনি আরও বলেন, “আমরা কূটনৈতিকভাবে ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছি, যাতে বর্তমান সংকট সমাধান করা যায় এবং দুই সার্বভৌম দেশের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়।”

তবে ইসরায়েল ভবিষ্যতে এমন সামরিক হামলা চালানো প্রয়োজন মনে করলে তখন যুক্তরাষ্ট্র তাদেরকে সমর্থন করবে কি না সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান ব্রুস।

তিনি বলেন, “আমি ভবিষ্যত বা অতীতের কথা নিয়ে কিছু বলব না। আমরা এখন যে বিষয়টি নিয়ে কাজ করছি তা হল এই বিশেষ পরিস্থিতি, এখানে যা করা দরকার ছিল সেটি। 

“আমার মনে হয় আমরা আমাদের অসন্তোষ খুব স্পষ্টভাবেই জানিয়েছি। প্রেসিডেন্ট নিজেও তা করেছেন এবং আমরা দ্রুতই হামলা বন্ধে কাজ করেছি।”

সিরিয়ায় সংঘাতের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও সংহতি আলোচনা অ্যবাহত রাখতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সবখানে সঙ্গে যোগাযোগ করছে বলে জানান ব্রুস। একইসঙ্গে সিরিয়া সরকারকে সামনেরপথে নেতৃত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।