রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করল ভারতের রিলায়্যান্স
গুজরাট রাজ্যের জামনগর শোধনাগারের জন্য রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।
যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে ভারত। এবার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করল ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়্যান্স গোষ্ঠী।
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বৃহস্পতিবার জানিয়েছে, তারা গুজরাট রাজ্যের জামনগর শোধনাগারের জন্য রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে।
সম্প্রতি রুশ তেলের উপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়ে রিলায়্যান্স। রাশিয়ার তেলের উপর এই ইইউ নিষেধাজ্ঞা আগামী বছর ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।
তার আগেই রিলায়েন্স জানাল, তারা বৃহস্পতিবার থেকে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকা শোধনাগারে রুশ তেল আমদানি বন্ধ করেছে।
তাছাড়া, গত অক্টোবরেই রাশিয়ার বৃহত্তম দুই তেল উৎপাদনকারী সংস্থা রসনেফ্ট এবং লুকঅয়েলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল যুক্তরাষ্ট্র।
২১ নভেম্বর থেকে তেল সংস্থা দু’টির উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞার মেয়াদ শুরুর মুখেই রাশিয়ার তেল নেওয়া বন্ধ করল রিলায়্যান্স।
রিলায়েন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, “১ ডিসেম্বর থেকে জামনগরের শোধনাগার থেকে যে পণ্য রপ্তানি হবে সেগুলো এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি।
“২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে পণ্য আমদানির ওপর কার্যকর হতে চলা ইইউ বিধিনিষেধের জন্যই এই কাজ নির্ধারিত সময়ের আগে করা হয়েছে।”
যে কোনও বড় শোধনাগারে মজুত থাকে অতীতে কেনা অপরিশোধিত তেল। এটি প্রক্রিয়াজাত করে তৈরি হয় বিভিন্ন ধরনের পেট্রোপণ্য।
রিলায়্যান্সের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে পুরনো মজুত থেকে রুশ তেল প্রক্রিয়াজাত করা হচ্ছে। সেটি শেষ হলেই আর রাশিয়ার তেল কিনবে না তারা।
রাশিয়ার রোসনেফ্ট এবং লুকঅয়েল সংস্থা ভারতে যাওয়া বেশিরভাগ অপরিশোধিত তেল সরবরাহ করে। রোসনেফ্টের সঙ্গে রিলায়্যান্সের প্রায় প্রতিদিন ০ দশমিক ৫ মিলিয়ন ব্যারেলের তেলের চুক্তি থাকে।
কিন্তু শুক্রবার এ দুটি কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হতে চলছে এবং সেটি হওয়ার পর কোনও সংস্থা এদের থেকে তেল কিনলে নিষেধাজ্ঞা চাপবে তাদের উপরেও।
ফলে চাপের মুখে পড়ে আগেভাগেই বড় সিদ্ধান্তের পথে হাঁটল রিলায়্যান্স। বিবিসি জানায়, হোয়াইট হাউজ রিলায়্যান্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
হোয়াইট হাউজের প্রেস অফিস বলেছে, “আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থবহ বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি।”
ভারতের উপর যুক্তরাষ্ট্রের অসন্তোষের সবচেয়ে বড় কারণ ছিল রাশিয়ার তেল কেনা। ট্রাম্পের অভিযোগ ছিল, তেল বিক্রির অর্থেই রাশিয়া ইউক্রেইনে যুদ্ধ চালানোর খরচ জোগাচ্ছে।
আর সেই তেল কিনে ভারত রাশিয়াকে যুদ্ধের খরচ যোগাতে সহায়তা করছে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বার বার ইউরোপীয় দেশগুলোকেও সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।
তার দাবি, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলেই একঘরে করা সম্ভব হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আর তাতেই যুদ্ধের অবসান হবে।
ট্রাম্পের সতর্কবার্তাকে ইউরোপীয় জোটও গুরুত্ব সহকারে দেখেছে। ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে রাশিয়ার থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস কেনা পুরোপুরি বন্ধ করবে তারা।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রুশ তেল বিক্রিতে একটি বড় বাজার হয়ে ছিল ভারতের রিলায়্যান্সের জন্য। এখন ইইউ-ও রুশ তেল কেনা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় এর প্রভাব পড়েছে ভারতের বেসরকারি তেল আমদানিকারক সংস্থাগুলোর উপর।
এমন পরিস্থিতিতে ইউরোপীয় বাজার যাতে হাতছাড়া না হয়, তাই নিষেধাজ্ঞা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের রিলায়্যান্স।
