২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বিরুদ্ধে জাহাজে হামলার অভিযোগ ফিলিপিন্সের

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাহাজ চলাচলে বাধাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড।

চীনের বিরুদ্ধে জাহাজে হামলার অভিযোগ ফিলিপিন্সের

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

Published : 06 Aug 2023, 06:51 PM

Updated : 06 Aug 2023, 06:51 PM

ফিলিপিন্সের কোস্টগার্ড অভিযোগ করেছে, তাদের জাহাজে জলকামানের পানি ছুড়েছে চীন। উপরন্তু বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাহাজ চলাচলে বাধাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

কোস্টগার্ড আরও জানায়, ফিলিপিন্সের কয়েকটি নৌকা বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জে যাচ্ছিল সেখানে থাকা ফিলিপিনো সেনাদের জন্য রসদ পাঠাতে।আর ওই নৌকাগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তাদের জাহাজ।তখনই জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে।

ফিলিপিন্সের কোস্টগার্ডের জাহাজে জলকামান ছোড়াকে ‘বিপজ্জনক তৎপরতা’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।তারা এ ঘটনার জন্য চীনের ‘সামুদ্রিক মিলিশিয়াকে’ দায়ী করেছে।

চীন এ ঘটনার ব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

গোটা দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই এবং তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। চীন পুরো দক্ষিণ চীন সাগরেরই মালিকানা দাবি করে আসছে।

এ সাগরের মধ্যেই রয়েছে স্পার্টলি দ্বীপপুঞ্জ। এ দ্বীপও দাবি করে আসছে ফিলিপিন্স ও অন্যান্য দেশগুলো।  

ফিলিপিন্সের কোস্টগার্ড জানিয়েছে, জলকামান ছোড়ার ঘটনা ঘটে শনিবার। ওইদিন স্পার্টলি দ্বীপপুঞ্জের থমাস শোয়েলে যাচ্ছিল তাদের জাহাজ।

সে সময় চীনের হামলাকে ‘বাড়াবাড়ি এবং অবৈধ’ বলে অভিযোগ করেছে ফিলিপিনো কোস্টগার্ড। চীন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও দাবি করেছে তারা।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিপিন্সকে সমর্থন করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “জলকামান দিয়ে পানি ছুড়ে এবং অনিরাপদ প্রতিবন্ধকতার পদক্ষেপ নিয়ে পিআরসি (চীনের) জাহাজগুলো ফিলিপিন্স সমুদ্রে চলাচলের স্বাধীনতার আইনি অনুশীলনে হস্তক্ষেপ করেছে এবং ফিলিপিন্সের জাহাজ ও ক্রুদের নিরাপত্তা বিপন্ন করেছে।”

আন্তর্জাতিক একটি সালিশি আদালত প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর চীনের মালিকানার দাবি পুরোপুরি 'ভিত্তিহীন' বলে রায় দিয়েছে। তবে এই রায়কে উপেক্ষা করে আসছে চীন। 

এপ্রিলে পিজিসি জাহাজে থাকা বিবিসি’র একটি দল সরাসরি চীনের হয়রানির ঘটনার সাক্ষী হয়েছে।

দক্ষিণ চীন সাগর বর্তমানে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঞ্চলগুলোর একটি। বিশেষ করে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি উত্তেজনা বাড়ার এ সময়ে।

তাইওয়ানের সুরক্ষার জন্য দক্ষিণ চীন সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক থাকা গুরুত্বপূর্ণ। তাছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও দক্ষিণ চীন সাগর খুবই গুরুত্বপূর্ণ।

এ সমুদ্রপথ দিয়ে প্রতি বছর ৫ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। ফলে ওই অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার আন্তর্জাতিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ বাড়ছে।