২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আফ্রিকায় বিভক্তি এখনও

যুদ্ধ বন্ধে এবারের জাতিসংঘে প্রস্তাবে বিশ্বের যেসব দেশ ভোটদানে বিরত থেকেছে তার প্রায় অর্ধেকই আফ্রিকার।

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আফ্রিকায় বিভক্তি এখনও

ইউক্রেইন যুদ্ধ চলার মধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌ মহড়ায় এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 06:18 PM

Updated : 25 Feb 2023, 06:18 PM

রাশিয়ার আক্রমণের এক বছর পরও ইউক্রেইন যুদ্ধ নিয়ে আফ্রিকার দেশগুলোর অবস্থানের খুব একটা হেরফের হয়নি বলেই স্পষ্ট।

যুদ্ধের বছরপূর্তির আগের দিন জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবের পক্ষে এবার আফ্রিকার ৩০টি দেশ ভোট দিয়েছে, যা গত বছরের চেয়ে মাত্র দুটি বেশি। এই দেশগুলো ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে শান্তি আহ্বানের পাশাপাশি রাশিয়ার প্রতি নিন্দা জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, গত বছর একই রকমের একটি প্রস্তাবে মাদাগাস্কার ও দক্ষিণ সুদান ভোটদানে বিরত থাকলেও এবার বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে তারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ২০২২ সালে মরক্কো ভোট না দিলেও বৃহস্পতিবার প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

যুদ্ধ বন্ধে এবারের জাতিসংঘে প্রস্তাবে বিশ্বের যেসব দেশ ভোটদানে বিরত থেকেছে তার প্রায় অর্ধেকই আফ্রিকার। গ্যাবন গত বছর প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এবার ভোটদানে বিরত থেকেছে।

এবার ভোটদানে বিরত মোট ৩২টি দেশের মধ্যে আফ্রিকারই ১৫টি। আনুষ্ঠানিক বা সরকারি ঘোষণায় এসব দেশগুলো বলছে, তাদের অবস্থান রাশিয়া কিংবা পশ্চিমা ঘেঁষা ইউক্রেইন কারও পক্ষেই নয়।

বিবিসি জানিয়েছে, যুদ্ধের ব্যাপারে আফ্রিকান দেশগুলোর সংযোগ বৃদ্ধি আর রাশিয়া-ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রীসহ পশ্চিমা দেশগুলো থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই দেশগুলোতে গত বছরজুড়ে সফর করলেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

পুরনো খবর:

যুদ্ধ বন্ধের আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ

জাতিসংঘের সর্বশেষ ভোটাভুটির আগের দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনির সঙ্গে আলাপ করেছেন। কিন্তু শেষ মুহূর্তের সেই হস্তক্ষেপও উগান্ডার ভোটকে প্রভাবিত করতে পারেনি, ভোটদানে বিরত থেকেছে থেকেছে দেশটি।

এই সপ্তাহে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তার প্রথম আফ্রিকা সফরে নামিবিয়া গিয়েছিলেন, তবে ওই দেশটিও ভোটদানে বিরত থেকেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেইনের পক্ষে কিছু আফ্রিকান দেশের সঙ্গে তাদের কূটনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি ‘লাইটের সুইচ অন-অফ করার মতো নয়’, অর্থাৎ কোনোকিছু হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার মতো নয়। তবে দক্ষিণ আফ্রিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তার মতে, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন-রাশিয়ার সঙ্গে ১০ দিনের সামরিক অনুশীলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা রাশিয়ার সঙ্গে জোট না গড়তে ধীরগতিতে এগোচ্ছে। এই যুদ্ধ খেলা যে উস্কানিমূলকভাবে সংঘটিত হয়েছে, এমন অভিযোগও অস্বীকার করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।

সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফ্রিকার কিছু দেশের কয়েক দশকের সম্পর্ক ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর রাশিয়ার সঙ্গে সেই সম্পর্ক অব্যাহত ছিল। আফ্রিকানদের স্বাধীনতা আন্দোলনের অনেক নেতা বলেছেন, শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসন এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় (রাশিয়ার) অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ছিল।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় আফ্রিকা ন্যাশনাল কংগ্রেসকে (ক্ষমতাসীন দল) একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছিল মার্কিন সরকার। সেই হিসেবে নেলসন ম্যান্ডেলাসহ দলটির নেতাদেরও ‘সন্ত্রাসী’ হিসেবে ধরা হয়েছিল।

১৯৯৩ সালে সর্বশেষ বর্ণবাদী নেতা ফ্রেডেরিক ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা এবং দেশের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নজরদারির তালিকায় ছিলেন। ২০০৮ সালে সেই তালিকা থেকে তার নাম বাদ পড়ে।

সংবাদমাধ্যম দ্য আটলান্টিককে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, “অবশ্যই, দুর্ভাগ্যজনকভাবে এবং অত্যধিক দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র বর্ণবাদী শাসনের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিল; আর তাই আপনারা জানেন, ইতিহাসও রাতারাতি মুছে যায় না।”

তবে উপনিবেশিক অতীত এখনকার সম্পর্ককে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না, অন্তত কিছু দেশের ক্ষেত্রে। বৈশ্বিক সম্প্রদায় থেকে অনেকখানি বিচ্ছিন্ন ইরিত্রিয়া ও মালির মতো দেশগুলোকে রাশিয়ার মিত্র হিসেবে দেখা যাচ্ছে। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওই দুটি দেশে সফর করেছেন। এরপর যুদ্ধ বন্ধে জাতিসংঘের ভোটে ইউক্রেইনের বিপক্ষে ভোট দিয়েছে ওই দুই দেশ।

মালির সামরিক নেতারা গত বছর সব ফরাসি সেনাকে তাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছিলেন। এরপর তারা দেশের ইসলামপন্থী বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য রাশিয়ান ওয়াগনার গ্রুপকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

অন্য সাতটি আফ্রিকান দেশ- সেনেগাল, তানজানিয়া, ইকুয়াটোরিয়াল গিনি, বুরকিনা ফাসো, ইসওয়াতিনি, গিনি বিসাউ ও ক্যামেরুন এবার একেবারেই ভোট দেয়নি। এর মধ্যে প্রথম তিনটি দেশ অর্থাৎ সেনেগাল, তানজানিয়া ও ইকুয়াটোরিয়াল গিনি গতবছর ভোটদানে বিরত ছিল।

বিবিসি জানিয়েছে, ৫০টিরও বেশি দেশ নিয়ে গঠিত একটি মহাদেশের সামগ্রিক প্রতিক্রিয়া আর অনুভূতিকে সাধারণীকরণ করা সম্ভব নয়। এসব দেশগুলো ইউক্রেইন যুদ্ধ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে যেভাবে ভোট দিয়েছে, সেখানে তাদের নিজস্ব কারণ থাকবে।

আর ওই প্রস্তাবে ভোট দিতে কেউ আইনত বাধ্য না হলেও আগামী মাস ও বছরগুলোতে যে ভূ-রাজনৈতিক জোট তৈরি হতে থাকবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।