অব্যাহতি পাওয়া থাই প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন মন্ত্রণালয়ের বৈঠকে
আদালতে প্রায়ুথের ভাগ্য ঝুলতে থাকায় কয়েক সপ্তাহের জন্য থাইল্যান্ডের রাজনীতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করা হচ্ছে।
থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব বহাল থাকায় মন্ত্রিসভায় প্রায়ুথ চান ওচার সদস্যপদ টিকে আছে।
বৃহস্পতিবার প্রায়ুথেরও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠকে অংশ নেওয়ার কথা আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিন তার দীর্ঘদিনের মিত্র প্রায়ুইত ওংসুওয়ান প্রথমবারের মতো দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন।
আদালতে প্রায়ুথের ভাগ্য ঝুলতে থাকায় কয়েক সপ্তাহের জন্য থাইল্যান্ডের রাজনীতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করা হচ্ছে।
বুধবার দেশটির সাংবিধানিক আদালত প্রায়ুথের (৬৮) প্রধানমন্ত্রীত্বের মেয়াদকাল নিয়ে পর্যালোচনার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাকে সরকারের শীর্ষ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
সেনাপ্রধান থাকাকালে ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন প্রায়ুথ। দেশটির প্রধান বিরোধীদলের দাবি, বুধবারই প্রায়ুথের প্রধানমন্ত্রীত্বের সাংবিধানিক মেয়াদকাল শেষ হয়েছে।
তাদের করা একটি পিটিশন শোনার সিদ্ধান্ত নেওয়ার পর আদালত প্রায়ুথকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
বিরোধীদের ভাষ্য, জান্তা সরকারের প্রধান হিসেবে প্রায়ুথ যখন ক্ষমতায় ছিলেন, সে সময়টাকেও তার প্রধানমন্ত্রীত্বকাল হিসেবে বিবেচনা করতে হবে।
থাইল্যান্ডের সংবিধানে একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৮ বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে।
বিরোধীদের ভাষ্য, ২০১৪ সালের মে মাসে ক্ষমতা দখলের পর ২৪ অগাস্টে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রায়ুথ, সে হিসাবে চলতি মাসের বুধবারই তার মেয়াদ শেষ হয়েছে আর তাই তিনি আর প্রধানমন্ত্রী থাকতে পারেন না।
অন্যদিকে সমর্থকদের যুক্তি, প্রায়ুথের সময়সীমা শুরু হতে পারে ২০১৭ কিংবা ২০১৯ সাল থেকে। ২০১৭ সালে থাইল্যান্ডের নতুন সংবিধান প্রণীত হয়েছে, আর ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জিতে প্রায়ুথ প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন।
আদালত বিরোধীদের এ সংক্রান্ত পিটিশনটি আমলে নেয়। তাবে চূড়ান্ত রায় কবে হবে, তার দিনক্ষণ জানা যায়নি।
আদালতের সিদ্ধান্তের পর এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি প্রায়ুথ; বৃহস্পতিবারও তিনি এ বিষয়ে কিছু বলবেন কিনা, তাও স্পষ্ট নয়।
বুধবার সরকারের এক মুখপাত্র বলেছিলেন, প্রায়ুথ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল, তিনি জনগণকেও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও সরকার তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে, বলেন ওই মুখপাত্র।
প্রায়ুথ অব্যাহতি পাওয়ায় উপপ্রধানমন্ত্রী প্রায়ুইত (৭৭) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বভার নিয়েছেন; রাজতন্ত্রী, সাবেক সেনাপ্রধান প্রায়ুইতের বৃহস্পতিবার জনসমক্ষে আসার সম্ভাবনা ক্ষীণ।
২০১৪ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক কাউন্সিলের প্রধান হিসেবে দেশ শাসন শুরু করেন প্রায়ুথ।
প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ৮ বছর থাকার বিধিবিধান ঠিক হয়েছিল যে সংবিধানে, ২০১৭ সালে সামরিক বাহিনীর লেখা সেই সংবিধানের ভিত্তিতে ২০১৯ সালে হওয়া নির্বাচনে জিতে বেসামরিক প্রধানমন্ত্রী হন তিনি।
থাইল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরে মে-তে হওয়ার কথা।
প্রায়ুথের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করা প্রধান বিরোধী দল ফিউ থাই পার্টিই ২০১৪ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিল; প্রায়ুথ তখনকার ইংলাক সিনাওয়াত্রা নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে নিজে ক্ষমতায় বসেন।
ইংলাক থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও টেলিকম টাইকুন থাকসিন সিনাওয়াত্রার বোন। ২০০৬ সালে থাকসিনও অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। ভাই-বোন দুজনই এখন দেশের বাইরে স্বেচ্ছানির্বাসনে।
ফিউ থাইয়ের নেতা চোনলানান শ্রীকায়েউ আদালতের নির্দেশে অব্যাহতিপ্রাপ্ত প্রায়ুথকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
