দক্ষিণ আফ্রিকায় রাশিয়া-চীন ও ইরানের নৌ মহড়া শুরু
এবারের মহড়াটি এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবং চীন, ইরান ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি ব্রিকস প্লাস দেশের মধ্যে টান টান উত্তেজনা চলছে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে থাকার মধ্যে দক্ষিণ আফ্রিকা উপকূলে যৌথ নৌবাহিনীর মহড়া শুরু করেছে চীন, রাশিয়া ও ইরান। এই ‘ব্রিকস প্লাস’ মহড়ার লক্ষ্য সমুদ্রপথে জাহাজ চলাচল এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত মূল ভূরাজনৈতিক ব্লক ব্রিকসের সম্প্রসারিত রূপ হল ‘ব্রিক্স প্লাস’।
যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যবিরোধী জোট হিসাবে দেখা হয়ে থাকে ব্রিকস-কে। এই জোটে আগের ৫টি দেশের সঙ্গে নতুন যোগ দিয়েছে ইরানসহ ৬ টি দেশ।
দক্ষিণ আফ্রিকা নিয়মিত চীন ও রাশিয়ার সঙ্গে মহড়া চালালেও এবারের মহড়াটি এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন এবং চীন, ইরান ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি ব্রিকস প্লাস দেশের মধ্যে টান টান উত্তেজনা চলছে।
ব্রিকস জোট সম্প্রসারিত হয়ে এর নতুন সদস্য হওয়া দেশগুলোর মধ্যে ইরান ছাড়াও আছে মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলে চীন এবারের নৌ মহড়ার নেতৃত্ব দিচ্ছে। চীনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, মহড়ার পর্যবেক্ষক দেশ হিসাবে অংশ নিচ্ছে ব্রাজিল, মিশর এবং ইথিওপিয়া।
শনিবার 'উইল ফর পিস ২০২৬' নামের এই মহড়া শুরু হয় এবং শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “এই মহড়ায় ব্রিকস প্লাস দেশগুলোর নৌবাহিনী এক জায়গায় হয়েছে। সমুদ্রে যৌথ নিরাপত্তা অভিযান এবং আন্তঃকার্যক্ষমতার মহড়া চালাবে তারা।”
যৌথ মহড়ার ভারপ্রাপ্ত মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুথেবোলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
ট্রাম্প ব্রিকস দেশগুলোর বিরুদ্ধে আমেরিকা-বিরোধী নীতি পরিচালনার অভিযোগ করে আসছেন। গতবছর জানুয়ারিতে ট্রাম্প এই জোটের সব দেশের ওপর আগের আরোপ করা শুল্কের ওপর আরও ১০ শতাংশ বাণিজ্য শুল্ক চাপানোর হুমকিও দিয়েছিলেন।
