মিয়ানমারে বাড়তে থাকা সহিংসতা নিয়ে আসিয়ানের উদ্বেগ
মিয়ানমারে সহিংসতা কেবল মানবিক পরিস্থিতিরই অবনতি ঘটাচ্ছে না বরং আসিয়ান ও জান্তা সরকারের সম্মত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও ক্ষুন্ন হচ্ছে, বলেছে ক্যাম্বোডিয়া।
মিয়ানমারে বাড়তে থাকা সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের বর্তমান প্রধান ক্যাম্বোডিয়া।
এ সংকট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার আগে ক্যাম্বোডিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মিয়ানমার নিয়ে বলা হয়, ‘‘মিয়ানমারে হতাহতের ঘটনা যেভাবে বাড়ছে এবং দেশটির সাধারণ মানুষ যে চরম দুর্ভোগ সহ্য করছে তা দেখে আমরা গভীরভাবে শোকাহত।”
বিবৃতিতে দেশটির সব পক্ষকে ধৈর্য-ধারণ, অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মাধ্যমে গতবছর ফেব্রুয়ারিতে পুনরায় মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে দেশটির জান্তা সরকারের কাউকে আসিয়ানের উচ্চ পর্যায়ের কোনও বৈঠকে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে।
জাকার্তায় আসিয়ান সেক্রেটারিয়েটে অনুষ্ঠেয় বৃহস্পতিবারের বৈঠকেও মিয়ানমারের জান্তা বাহিনীর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান ক্যাম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
আগামী মাসে আসিয়ানের সম্মেলন। তার আগে এই বৈঠকের লক্ষ্য মিয়ানমারে কীভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সুপারিশগুলো নিয়ে আলোচনা করা।
আসিয়ান প্র্রধান মিয়ানমারের বৃহত্তম কারাগারে বোমা হামলা, কারেন রাজ্যে সংঘাত এবং কাচিন রাজ্যে গত রোববার একটি বিমান হামলার কথা উল্লেখ করেছে। যেগুলোতে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ পায়।
ক্যাম্বোডিয়ার পক্ষ থেকে ওই ঘটনাগুলোকে দেশটিতে সম্প্রতি সহিংসতা অনেক বেড়ে যাওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সেখানে সংঘাত শুধুমাত্র মানবিক পরিস্থিতিকে খারাপ করে তুলছে না বরং গত বছর আসিয়ান ও জান্তা সরকারের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সম্মত প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে।
যদিও জান্তা বাহিনী শান্তি ফেরানোর প্রচেষ্টা হিসেবে আসিয়ানকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে তাদের সামান্য আগ্রহ দেখাচ্ছে না। ওই প্রতিশ্রুতিতে এখনই নৃশংসতা বন্ধ করা এবং একটি শান্তি চুক্তির জন্য আলোচনা শুরু করার কথা বলা ছিল।
এ বিষয়ে জান্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ‘সন্ত্রাসীদের’ মোকাবেলা করে শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে। ওই ‘সন্ত্রাসীদের’ সঙ্গে তারা সংলাপে বসবে না।
