জার্মানির নির্বাচন: বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ/সিএসইউ
রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ৩০ শতাংশ ভোট নিয়ে জার্মানির পার্লামেন্টে সবচেয়ে বড় দল হওয়ার পথে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে এএফডি এবং তৃতীয় অবস্থানে আছে এসপিডি।
জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রথম দুই বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ৷
বিবিসি জানায়, দলটি ৩০ শতাংশ ভোট নিয়ে জার্মানির পার্লামেন্টে সবচেয়ে বড় দল হওয়ার পথে রয়েছে। আর দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি। ২০ শতাংশ ভোট নিয়ে এএফডি দ্বিতীয় বৃহত্তম দল হবে বলে আশা করা হচ্ছে।
আর বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি রয়েছে তৃতীয় অবস্থানে, দলটি পেয়েছে ১৬ শতাংশ ভোট।
পড়তে থাকা অর্থনীতি আর একের পর এক প্রাণঘাতী হামলা নিয়ে উদ্বিগ্ন জার্মানরা আগাম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, এখনও ভোট গণনা চলছে এবং ধারণা করা হচ্ছে, সোমবার সকাল নাগাদ চূড়ান্ত ফল প্রকাশ হবে।
বুথ ফেরত জরিপে এগিয়ে থাকা সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সরকার গঠনের ক্ষেত্রে দলটি এসপিডি বা গ্রিন পার্টির সঙ্গে জোট গড়তে পারে।
তবে এএফডি-এর কট্টরপন্থি অবস্থানের কারণে মূলধারার রাজনৈতিক দলগুলো তাদের এড়িয়ে চলছে। ফলে জোট সরকারে দলটিকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।
এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ছয় কোটি। নির্বাচনে ভোট পড়েছে আনুমানিক ৮৩-৮৪ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে জার্মানির জাতীয় নির্বাচনে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।
গত নভেম্বরে এসপিডি-র নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পর নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনপূর্ব জনমত জরিপেও রক্ষণশীল দল সিডিইউ এগিয়ে থাকার আভাস মিলেছিল।
জার্মানির জন্য এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, সামনে তাদেরকে দেশের অভ্যন্তরে তো বটেই বিশ্ব মঞ্চেও বড় বড় সব সিদ্ধান্ত নিতে হবে।
ফ্রিডরিশ ম্যার্ৎস ইউরোপের শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি দিচ্ছেন, এদিকে প্রতিরক্ষা বাজেটের লাগামে ঢিল দিতেও বার্লিনের ওপর ব্যাপক চাপ রয়েছে।
ইউক্রেইনকে সামরিক সাহায্য দেওয়া দ্বিতীয় বৃহত্তম এ দেশের নতুন সরকারকে তাল মেলাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে, যিনি ভলোদিমির জেলেনস্কিকে বলছেন স্বৈরাচার আর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমের ঐক্যবদ্ধ অবস্থান এরই মধ্য টলিয়ে দিয়েছেন।
