অস্ট্রেলিয়ায় বন্যা: বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ তিন রাজ্যের
আবহাওয়ার ‘এল নিনা’ ধরনের কারণে চলতি বছর অস্ট্রেলিয়াজুড়ে দেখা দেওয়া ব্যাপক বন্যায় ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভারি বৃষ্টিতে বড় ধরনের বন্যা দেখা দেওয়ার পর দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার তিনটি রাজ্য।
দেশটির কয়েকটি অংশে মাত্র ২৪ ঘণ্টায় অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চার গুণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট বন্যায় অন্তত ৫০০ বাড়ি ডুবে গেছে, একজনের মৃত্যু হয়েছে ও আরও একজন নিখোঁজ রয়েছে বলে বিবিসি জানিয়েছে।
আবহাওয়ার ‘এল নিনা’ ধরনের কারণে চলতি বছর অস্ট্রেলিয়াজুড়ে দেখা দেওয়া ব্যাপক বন্যায় ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়া সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত হয়েছে। রাজ্যের রাজধানী মেলবোর্নের কিছুসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যায় এসব এলাকার রাস্তা ডুবে গেছে, স্কুল বন্ধ করে দিতে হয়েছে এবং তিন হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, ডুবে যাওয়া বাড়ির সংখ্যা ‘নিশ্চিতভাবেই বাড়বে’। এবারের বন্যাকে কয়েক দশকের মধ্যে অন্যতম মারাত্মক দুর্যোগ বলে অভিহিত করেছেন তিনি।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) তিনি বলেন, “এটি মাত্র শুরু হয়েছে আর এটি কিছু সময় আমাদের সঙ্গে থাকতে যাচ্ছে।”
যাদের বাড়ি ডুবে গেছে তাদের মধ্যে মেলবোর্নের উত্তরপশ্চিমের বাসিন্দা ব্যারি ওয়েবস্টার একজন।
তিনি বলেন, “আমি সবসময়ই বলি সামনে নদী থাকবে এমনটিই চাই আমি, কিন্তু এরকম না। নিচে নেমে দেখি সবকিছু ডুবে গেছে, যেন পরাবাস্তব সিনেমা।”
কিছু এলাকায় ২৪ ঘণ্টা ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, কিন্তু মেলবোর্নের উত্তরপূর্বের স্ট্রাথবোগিতে হয়েছে সবচেয়ে বেশি। এখানে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা শহরটির অক্টোবরের গড় বৃষ্টিপাতের দ্বিগুণেরও বেশি।
তাসমানিয়ার কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার পর বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়। তবে সেখানে কতগুলো বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়েছে তা পরিষ্কার হয়নি।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের ফোর্বেস শহরের প্রায় ৬০০ বাসিন্দাকে তাদের এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। এখানে প্রায় আড়াইশ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যাকবলিত হবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি সপ্তাহের প্রথমদিকে এ রাজ্যটির পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে গাড়ি ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার একই ধরনের ঘটনায় আরেকটি ব্যক্তি ভেসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ এই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
আসছে সপ্তাহগুলোতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া প্রপঞ্চ লা নিনার কারণে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি আরও নাজুক আকার ধারণা করেছে। লা নিনার কারণে সম্ভবত অস্ট্রেলিয়ায় বৃষ্টি, ঘূর্ণিঝড় ও দিনের তাপমাত্রা শীতলতর হয়েছে।
