২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে হামলায় ১৪৮ জন নিহত হয়েছে, জানাল ইরান

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে রেড ক্রিসেন্টের হিসাবে অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়।

স্কুলে হামলায় ১৪৮ জন নিহত হয়েছে, জানাল ইরান
ইরানের স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 08:27 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হামলার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “হামলায় বালিকা বিদ্যালয় ধ্বংস হয়েছে এবং নিষ্পাপ শিশুরা মারা গেছে। ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের জবাব না দিয়ে ছাড়া হবে না।”

ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তারা এমন ঘটনা ঘটার খবর খতিয়ে দেখছে।

ওদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা স্কুল এলাকায় প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এমন কোনও অভিযানের খবর জানে না।

ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরের এই স্কুলটি দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)- এর ঘাঁটির কাছেই অবস্থিত। যেটি এর আগেও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে রেড ক্রিসেন্টের হিসাবে অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, “আমরা এই ধরনের হতাহতের খবরকে গুরুত্বের সঙ্গে নেই। বেসামরিক নাগরিকদের সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়ে যাব।”