Published : 13 Jun 2026, 09:07 PM
মার্কিন বাহিনীর হামলায় ভেনেজুয়েলার `ত্রেন দে আরাগুয়া’ অপরাধী চক্রের নেতা এক্তোর রুস্তেনফোর্ড গ্যারেরো ফ্লোরেস (নিনো গুয়েরেরো নামেও পরিচিত) নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড ত্রেন দে আরাগুয়ার কুখ্যাত নেতা নিনো গুয়েরেরোকে সফলভাবে হত্যা করার জন্য একটি দ্রুত ও মারাত্মক গতিশীল আঘাত হেনেছিল। (এটি) এই গ্রহের অন্যতম সবচেয়ে রক্তপিপাসু সন্ত্রাসী সংগঠন।
“এই পদক্ষেপটি ভেনেজুয়েলায় আমাদের বন্ধুদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা হয়েছিল, যাদের সঙ্গে আমরা খুব ভালোভাবে কাজ করছি।”
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স এ এক পোস্টে জানান, চলতি সপ্তাহের প্রথমদিকে আঘাতটি হানা হয়েছিল আর গুয়েরেরো ‘এই আঘাতে নিশ্চিত নিহত হয়েছেন’।
ভেনেজুয়েলার তথ্যমন্ত্রণালয় জানিয়েছে, অভিযান চলাকালে অপরাধী গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় আর তাতে নেতা গুয়েরেরো নিহত হন।
মন্ত্রণালয়টি আরও জানায়, এই অভিযানে বিশেষ প্রযুক্তিগত সমর্থন নেওয়া হয়েছে আর উভয় দেশের কর্তৃপক্ষের সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তিতে চালানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ত্রেন দে আরাগুয়ার গুয়েরেরো ও অন্য নেতাদের মাদক চোরাচালান, মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে বারবার নিষেধাজ্ঞার লক্ষ্যস্থল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রেন দে আরাগুয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভু্ক্ত করেছে।
ট্রাম্প দাবি করেছেন, ত্রেন দে আরাগুয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্রের তাদের কার্যক্রম পরিচালনা করতো।
যুক্তরাষ্ট্রে থাকা কিছু অভিবাসীকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে পাঠানোর ন্যায্যতা দিতে ট্রাম্প প্রশাসন এই কথিত যোগাযোগের কথা উল্লেখ করেছে।
ত্রেন দে আরাগুয়া মানব পাচার এবং দক্ষিণ আমেরিকা অথবা ইউরোপের অপেক্ষাকৃত সমৃদ্ধ দেশগুলোতে ভেনেজুয়েলান ও দক্ষিণ আমেরিকার অভিবাসীদের নিয়ে যাওয়ার রুটগুলো নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত।
এই দলটি চাঁদাবাজি, অপহরণ, অর্থ পাচার, চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড, চোরাচালন এবং পানামা থেকে ব্রাজিল ও আন্দিয়ান করিডোরে সংঘটিত খুচরা চুরির সঙ্গে জড়িত ছিল বলে লাতিন আমেরিকার পুলিশ জানিয়েছে।
গুয়েরেরো ২০২৩ সালে ভেনেজুয়েলার তোকোরোন কারাগার থেকে অন্যান্য সঙ্গীসাথী নিয়ে পালিয়ে গিয়েছিল।