১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইন শান্তিচুক্তি ‘সত্যিই কাছে’: ট্রাম্পের বিশেষ দূত

মাত্র দুটি বড় বিষয় সমাধানের ওপরই চুক্তি নির্ভর করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিদায়ী ইউক্রেইন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ

ইউক্রেইন শান্তিচুক্তি ‘সত্যিই কাছে’: ট্রাম্পের বিশেষ দূত
ভলোদিমির জেলেনস্কি ও কিথ কেলগ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিদায়ী ইউক্রেইন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইউক্রেইন যুদ্ধ অবসানে একটি শান্তিচুক্তি এখন ‘সত্যিই কাছে’।

মাত্র দুটি বড় বিষয় সমাধানের ওপরই চুক্তিটি নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। তবে ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে আমূল পরিবর্তন চায় তারা।

রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরামে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ বলেন, যুদ্ধ শেষের চেষ্টা এখন ‘শেষ ১০ মিটারে’। তার ভাষায়, এটি সবসময়ই সবচেয়ে কঠিন ধাপ।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে হামলা শুরু করে। এর আগে টানা ৮ বছর ইউক্রেইনের দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত ডনবাসে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেইন বাহিনীর লড়াই চলেছে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এবং এই যুদ্ধ বন্ধ করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির এমন এক লক্ষ্য যা এখনও অধরা।

কেলগ বলেন, “ডনবাসের ভবিষ্যৎ এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে সমস্যার সমাধান হলেই বাকি সবকিছু ভালভাবেই হয়ে যাবে। আমরা প্রায় সেই জায়গায় পৌঁছে গেছি।” 

শনিবার  ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরামে কেলগ আরও বলেন, “আমরা সত্যি সত্যিই (শান্তিচুক্তি) কাছে।”