ইউক্রেইনে শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
গতবছর ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেইনের ড্রোন হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়।
ইউক্রেইনে বৃহস্পতিবার রাতের ব্যাপক হামলায় বিরল ব্যবহৃত শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ছুড়েছে রাশিয়া। এ হামলায় ইউক্রেইনের রাজধানী কিইভে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
কয়েকঘণ্টা ধরে শোনা গেছে বিশাল বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের আগুনে আলোকিত হয়েছে রাতের আকাশ। রাশিয়া এ নিয়ে মাত্র দুইবার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল। ২০২৪ সালের নভেম্বরে নিপ্রো নগরীতে প্রথম এই ক্ষেপণাস্ত্র মোতায়ন করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, এই হামলা গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেইনের ড্রোন হামলার জবাবে চালানো হয়েছে। যদিও ইউক্রেইন পুতিনের বাসভবসনে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
মধ্যরাতের একটু আগে এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। যদিও মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্রের নিশানা কি ছিল তা নির্দিষ্ট করে বলেনি। সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে ইউক্রেইনের পশ্চিমের শহর লিভিভে বেশকিছু বিস্ফোরণ দেখা গেছে।
ইউক্রেইন কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করে জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রটি পোলিশ সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে লিভিভের অবকাঠামোতে আঘাত হেনেছে।
মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ৫ হাজার কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সবচেয়ে শক্তিশালী দিক হল গতি।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাবিহা বলেন, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা সামরিক জোট নেটোর সীমান্তের কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ইউরোপ মহাদেশের নিরাপত্তায় হুমকি।”
শুক্রবার ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন, রাশিয়ার এই ওরেশনিক হামলার মানে হচ্ছে, এটি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের জন্য এক সতর্কবার্তা।
এক্সে তিনি লেখেন, “রাশিয়া শান্তি চায় না। কূটনীতির জবাবে রাশিয়া আরও ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং ধ্বংস ডেকে আনছে। রাশিয়ার এই প্রাণঘাতী ধরনের হামলা বারবারই ঘটতে থাকবে যতক্ষণ না আমরা এই চক্র ভাঙতে ইউক্রেইনকে সহায়তা না করব।”
ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ওরেশনিকের পাশাপাশি রাশিয়া আরও ১৩ টি ব্যালিস্টি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে।
এছাড়া আরও ২২ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৪২ টি ড্রোন হামলাও হয়েছে। এতে একটি ভবন ছাড়াও কাতারের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
