২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবিশ্বাস’, ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত হামাসের হামলা আঁচ করতে না পারার দায়ে তাকে মেয়াদপূর্তির আগেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো

‘অবিশ্বাস’, ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শিন বেটের প্রধান রোনেন বার। ছবি টাইমস অব ইসরায়েল থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 12:17 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তা রোনেন বারকে বরখাস্ত করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত হামাসের হামলা আঁচ করতে না পারার দায়ে তাকে মেয়াদপূর্তির আগেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, বলছে বিবিসি। 

শিন বেটের প্রধান পদে ২০২১ সালের অক্টোবরে ৫ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন বার।

রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এই নিরাপত্তা প্রধানকে বরখাস্তের আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেছিলেন, তাদের দুজনের মধ্যে ‘চলমান অবিশ্বাস’ বিদ্যমান, যা সময়ের সঙ্গে ‘বেড়েই যাচ্ছে’। 

তার এই পদক্ষেপ জেরুজালেমে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও উসকে দিয়েছে। গাজায় নতুন করে যুদ্ধ শুরুর প্রতিবাদে এই বিক্ষোভে হাজার হাজার ইসরায়েলির উপস্থিতি দেখা গেছে। 

মঙ্গলবার থেকে ইসরায়েল গাজায় তাদের ভাষায় ‘হামাসের বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে তুমুল হামলা শুরু করেছে, যা দুই মাস ধরে কোনোমতে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতির চূড়ান্ত ইতিও ঘটিয়েছে। 

শিন বেট ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং গাজায় যুদ্ধে এটি অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছে। এর কার্যক্রম ও সদস্যপদ রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হয়।  

বার তাকে বরখাস্তের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়েছেন।

নেতানিয়াহুবিরোধী খ্যাত ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলও শিন বেটের প্রধানকে বরখাস্তের ঘটনার সমালোচনা করেছেন।  

বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকের আগে নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বারের মেয়াদ ২০ এপ্রিল পর্যন্তই রাখার প্রস্তাব করেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে দাবি তেল আবিবের। 

ওই ঘটনার পর ইসরায়েলে গাজায় সর্বাত্মক যুদ্ধে নামে। তাদের সাঁড়াশি আক্রমণে এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটির ৪৮ হাজার ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ভাষ্য হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের।