২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত

এদিন ইসরায়েলি বাহিনী গাজা সিটি, খান ইউনিস ও আল-নুসেইরাত শিবিরসহ পুরো গাজাজুড়ে হামলা চালিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত
জাতিসংঘের আশ্রয়কেন্দ্র আল-শাফি স্কুলে ইসরায়েলি বোমাবর্ষণে নিহতদের ঘিরে শোক। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 11:00 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

ফিলিস্তিনি ছিটমহল গাজার হাসপাতালগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোররাত থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত নয়জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি কেন্দ্রের কাছে। 

নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। 

এদিন ইসরায়েলি বাহিনী গাজা সিটি, খান ইউনিস ও আল-নুসেইরাত শিবিরসহ পুরো গাজাজুড়ে হামলা চালিয়েছে। 

নাসের মেডিকেল কমপ্লেক্সের দেওয়া তথ্যে জানা গেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ছয়জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। 

গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত জাতিসংঘের আশ্রয়কেন্দ্র আল-শাফি স্কুলের সামনে এক ফিলিস্তিনি শিশু। ছবি: রয়টার্স 

গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত জাতিসংঘের আশ্রয়কেন্দ্র আল-শাফি স্কুলের সামনে এক ফিলিস্তিনি শিশু

গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনী জাতিসংঘের আশ্রয়কেন্দ্র আল-শাফি স্কুলে বোমাবর্ষণ করে, এতে প্রাথমিকভাবে অন্তত পাঁচজন নিহত ও অনেকে আহত হন বলে জানা যায়। 

এখানে হামলা থেকে কোনক্রমে বেঁচে যাওয়া জাহওয়া সালমি বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম। রাত প্রায সোয়া দুইটার দিকে বিস্ফোরণের ধ্বংসাত্মক শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। লোকজন চিৎকারে আল্লার নাম নিচ্ছিল, সাহায্য চাইছিল, তারপর সব চুপচাপ হয়ে যায়।” 

সালমি তার সন্তানদের নিয়ে স্কুলের একটি ভাঙা অংশ দিয়ে পালিয়ে আসেন। তিনি বলেন, “তাদের অধিকাংশই মারা গেছেন। কয়েকটি পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে।” 

গাজা সিটির নিকটবর্তী একটি পানি বিশুদ্ধকরণ প্রকল্পে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও আরও ১৫ জন আহত হন।   

নাসের হাসপাতালের চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, রাফার উত্তরে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনটি শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে জাতিসংঘের আশ্রয়কেন্দ্র স্কুলের ধ্বংস হয়ে যাওয়া এক ভবনে আরেক শিশু। ছবি: রয়টার্স 

গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে জাতিসংঘের আশ্রয়কেন্দ্র স্কুলের ধ্বংস হয়ে যাওয়া এক ভবনে আরেক শিশু

জিএইচএফের কেন্দ্রের কাছে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ধারাবাহিকভাবে লক্ষ্যস্থল করছে ইসরায়েলি বাহিনী। তাদের গুলিতে এসব কেন্দ্রের কাছে নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭৪৩ বলে জানিয়েছে আল জাজিরা। আহতের সংখ্যা এতো বেশি যে তাদের সামলাতে হিমশিম খাচ্ছে গাজার ধুকতে থাকা হাসপাতালগুলো। 

আল-আওয়াদ হাসপাতালের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অবিরাম নির্বিচার হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৫৭ হাজার ৩৩৮ এবং আহতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন।