২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক অবকাঠামোকে হামলার নিশানা করছে রাশিয়া: অভিযোগ জেলেনস্কির

জ্বালানি অবকাঠামো ও গ্যাস উৎপাদন কেন্দ্রে রাশিয়ার প্রায় ৭০ টি ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন হামলার পর এই অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

বেসামরিক অবকাঠামোকে হামলার নিশানা করছে রাশিয়া: অভিযোগ জেলেনস্কির
রাশিয়ার হামলায় ধসে পড়া ভবন। ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 07 Mar 2025, 07:07 PM

Updated : 01 Sep 2026, 11:59 AM

এক নজরে

জ্বালানি অবকাঠামো ও গ্যাস উৎপাদন কেন্দ্রে রাশিয়ার প্রায় ৭০ টি ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন হামলার পর এই অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

ইউক্রেইনজুড়ে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে চারজনই শিশু বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।

উক্রেইনের জ্বালানি মন্ত্রী জানান, হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো ও গ্যাস উৎপাদন কেন্দ্র। এসব অবকাঠামোর ওপর প্রায় ৭০ টি ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। অভিযোগ করে তিনি বলেন, স্বাভাবিক জীবনের জন্য অপরিহার্য জ্বালানি অবকাঠামোকে রাশিয়া হামলার নিশানা করছে এবং আবাসিক এরাকাগুলোতে হামলা করছে।

রাশিয়ার এই হামলার পর জেলেনস্কি নতুন করে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছেন। যার প্রথম ধাপে সাগর এবং আকাশপথে হামলা বন্ধের শর্ত থাকবে। তিনি বলেন, ইউক্রেইন শান্তির পথ অন্বেষণে প্রস্তুত। যুদ্ধের প্রথম থেকেই তারা শান্তি চাইছে। এখন কাজ হচ্ছে রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করা।

ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত হওয়ার পর রাশিয়া প্রথম ওই তুমুল হামলা চালিয়েছে। ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলার ফলে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ইগর তেরেখোভ। সেখানে আহত হয়েছেন অন্তত আটজন।

দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে দুটো রুশ গ্লাইড বোমা আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ভাদিম লিয়াখ জানিয়েছেন, এতে সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন ও চার বছর বয়সী দুই শিশু রয়েছে। হামলায় প্রায় ৩০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

একই অঞ্চলের ক্রামাতোরস্ক শহরেও হামলায় এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার হনচারেঙ্কো।

মধ্য ইউক্রেইনের মিরহোরোদ শহরের বাইরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

ইউক্রেইনের রাজধানী কিইভের পূর্বে প্রিলুকি শহরের বাইরে একটি উৎপাদন কেন্দ্র রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসনের প্রধান ভিয়াচেস্লাভ চাউস এ তথ্য জানান।

এছাড়া, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পশ্চিম ইউক্রেইনের তেরনোপিল অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হামলার শিকার হওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

ট্রান্সকারপাথিয়া অঞ্চলেও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া, তবে ইউক্রেইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে- বলছে স্থানীয় প্রশাসন।

নিয়মিত রুশ বিমান হামলার গতিবিধি পর্যবেক্ষণ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানায়, রাশিয়ার এই ব্যাপক হামলা বৃহস্পতিবার পুরো রাতজুড়ে চলেছে।