২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা-রাশিয়া বন্দিবিনিময়: মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ আরও অনেকে

তুরস্কের মধ্যস্থতায় হওয়া বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পাচ্ছেন ২৪ জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশুও। এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র ও জার্মানিরও কয়েকজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 10:08 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বন্দিবিনিময় হচ্ছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে। এর ফলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচসহ মুক্তি পাচ্ছে দুপক্ষেরই আরও বেশ কিছু বন্দি।

তুরস্কের মধ্যস্থতায় এই বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এর আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জেলে আটক তাদের ১০ বন্দির বিনিময়ে মার্কিন ও জার্মানসহ ১৬ জন বন্দিকে মুক্তি দিচ্ছে। অর্থাৎ, মুক্তি মিলছে মোট ২৬ জন বন্দির।

বন্দিবিনিময় প্রক্রিয়ার সমন্বয় করছে তুরস্ক। বন্দিদের মুক্তি দিয়ে আঙ্কারার মাধ্যমে পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ রুশ বন্দি- যার মধ্যে আছে দুই শিশুও- তাদেরকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। এসব বন্দি যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড, জার্মানির জেলে   ছিল। রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্রবের সন্দেহে আটক থাকা কয়েকজনও এদের মধ্যে আছে।

অন্যদিকে, এই বন্দিদের বিনিময়ে রাশিয়ার জেল থেকে ছাড়া পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন নাগরিক ও  এক   গ্রিনকার্ডধারী-সহ জার্মানির পাঁচ জন বন্দি ছাড়াও আছে সাত জন রুশ রাজনৈতিক বন্দি। এই জার্মান ও রুশ নাগরিকরা ভুলবশত আটক হয়েছিলেন।

রাশিয়ায় আটক যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচের সঙ্গে মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন মেরিন সেনা পল হুইলেন, রুশ-মার্কিন দ্বৈত নাগরিক অলসু কুরমাশেভা এবং  আমেরিকান  গ্রিনকার্ডধারী ভ্লাদিমির কারা মুর্জা। ওয়াল স্ট্রিট জানায়, তাদেরকে তুরস্কে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, অন্যায়ভাবে রাশিয়ায় আটক থাকা এই বন্দিরা অবশেষে বাড়িতে পৌঁছাচ্ছেন।

ইভান গার্শকোভিচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল রুশ কর্তৃপক্ষের। গত বছর ৩০ মার্চ গার্শকোভিচকে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওদিকে, সাবেক মেরিন সেনা পল হুইলান ২০১৮ সালের ডিসেম্বর মাসে মস্কোর একটি হোটেল থেকে আটক হয়েছিলেন। মস্কোর অভিযোগ, তিনি একটি গোয়েন্দা মিশনে জড়িত ছিলেন।

আর রাশিয়ান-আমেরিকান রেডিও সাংবাদিক অসলু কুরমাশেভা মার্কিন সরকারের আর্থিক অনুদানে চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির হয়ে সাংবাদিকতা করতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ইউক্রেইনে আগ্রাসনের পর তিনি রুশ সেনার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন। কুরমাশেভা তার স্বামী ও দুই বাচ্চার সঙ্গে প্রাগে ছিলেন। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার জন্য লবিং করা এবং মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে সাংবাদিক ও মানবাধিকারকর্মী ভ্লাদিমির কারা-মুর্জাকে ২০২২ সালের এপ্রিলে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

এই বৃহত্তম বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পাচ্ছেন জার্মানির জেলে বন্দি থাকা রাশিয়ার নিরাপত্তা সেবার হিটম্যান ভাদিম ক্রাসিকভও। এই ব্যক্তির রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সঙ্গে সংশ্লিষ্টতা আছে।

২০১৩ সালে মস্কোয় রেস্তোরাঁ ব্যবসায়ী হত্যাকাণ্ডে মূল অভিযুক্তও  এই  ক্রাসিকভ । যিনি সাইকেলে চেপে মানুষ হত্যা করতে পারার মতো একজন গোয়েন্দা। তাকে অনেক দিন ধরেই রাশিয়ায় ফিরিয়ে নিতে চাইছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে এখন উড়োজাহাজে করে আঙ্কারায় নেওয়া হচ্ছে।

রাশিয়া্ এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় হতে পারে এমন জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। তার মধ্যেই রাশিয়ায় কয়েকজন বন্দিকে তাদের সেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হলে এই সম্ভাবনা আরও জোরাল হয়। 

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের জেলে ১২ বছর ধরে বন্দি থাকা কুখ্যাত রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তির বিনিময়ে কারান্তরীন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছিল রাশিয়া।

আর তারও আগে ২০১০ সালে ভিয়েনায় যুক্তরাষ্ট্রের জেলে বন্দি ১০ রুশ গুপ্তচরকে মুক্তি দেওয়া হয়েছিল। বিনিময়ে রাশিয়া মুক্তি দিয়েছিল তাদের জেলে ডাবল এজেন্টের অভিযোগে বন্দি থাকা চারজনকে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলে আসছে।

সূত্র: রয়টার্স/বিবিসি/আল-জাজিরা