২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে-এমন খবরের পর এ বৈঠক হল।

দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 19 May 2024, 09:57 PM

Updated : 01 Sep 2026, 10:44 AM

এক নজরে

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে-এমন খবরের পর এ বৈঠক হল।

ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় একটি চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার এ খবর জানিয়েছে। সৌদি শহর ধাহরানে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, “দু’দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমি-ফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে- এমন খবরের পর সৌদি যুবরাজ এবং জেক সালিভানের ওই আলোচনা অনুষ্ঠিত হল।

বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা এবং সেখানে মানবিক ত্রাণ প্রবেশের পথ সুগম করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

গত শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছিল, জেক সালিভান গাজাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করতে সৌদি আরব এবং ইসরায়েল সফর করবেন। পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনেরও চেষ্টা চালাবেন।

সাধারণত বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার জন্যই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে। সে হিসাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পারমাণবিক চুক্তি করার কথা নয়। কিন্তু দেশটি তাদের উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি তৈরি এবং কার্বন নিঃসরণ কমাতে চাইছে।

তবে সমালোচকেরা বলছেন, সৌদি আরব কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে চাইলে পারমাণু বিশেষজ্ঞ চেয়ে বসতে পারে। যদিও ওয়াশিংটনের সঙ্গে যে কোনও চুক্তির ক্ষেত্রেই এ বিষয়টি প্রতিহত করার জন্য শর্ত দেওয়া থাকে।