আদিবাসী শ্রমিকের গায়ে মূত্রত্যাগ, এক ভারতীয় গ্রেপ্তার
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বসে আছেন ওই শ্রমিক । আর এক ব্যক্তি তার মুখের ওপর মূত্রত্যাগ করছেন।
ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে আদিবাসী এক শ্রমিকের গায়ে মূত্রত্যাগের জেরে গ্রেপ্তার হয়েছেন প্রবেশ শুক্লা নামের ব্যক্তি।
শুক্লাকে তফসিলি জাতি, উপজাতি আইনে (দ্য শিডিউলড কাস্ট অ্যান্ড দ্য শিডিউলড ট্রাইবস প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট) অভিযুক্ত করা হয়েছে।
মূত্রত্যাগের ভিডিও ভাইরাল হওয়ার পরই শুক্লা গ্রেপ্তার হন। ভিডিওটি মঙ্গলবার প্রথম স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।
ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বসে আছেন ওই শ্রমিক । আর এক ব্যক্তি সিগারেট ফুঁকতে ফুঁকতে তার মুখের ওপর মূত্রত্যাগ করছেন। কয়েকটি খবরে বলা হয়েছে, শুক্লা ওই সময় মদ্যপ ছিলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেশ কয়েকজন শুক্লাকে গ্রেপ্তারের দাবি জানান। ঘটনাটি ভারতে ক্ষোভ উস্কে দিয়েছে। শুক্লা এই ঘটনার ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির কয়েক জন রাজনীতিবিদ অভিযোগ করে বলেছেন, শুক্লার সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সম্পৃক্ততা আছে। দলটি মধ্যপ্রদেশের ক্ষমতায় আছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশও এব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, “বিষয়টির সত্যতা আগে খতিয়ে দেখতে হবে।“
মূত্রত্যাগের ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অভিযুক্তকে কোনওভাবে ছাড় দেওয়া হবে না। প্রশাসন তাকে কঠিন শাস্তি দেবে।
ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখতে হবে বলে জানান তিনি।
মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথ এক টুইটে লিখেছেন, “এই ঘটনা গোটা মধ্যপ্রদেশকে লজ্জায় ফেলে দিয়েছে। দোষী ব্যক্তিকে কঠোর থেকে কঠরোতম সাজা দেওয়া উচিত। আর মধ্যপ্রদেশে আদিবাসীদের ওপর বর্বতারও অবসান হওয়া উচিত।”
