ওয়েস্টমিনস্টার হলে রানিকে শেষ শ্রদ্ধা প্রায় আড়াই লাখ মানুষের
সারিবদ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে প্রায় আড়াই লাখ শোকার্ত মানুষ ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের পাশ দিয়ে হেঁটে গেছেন ও তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
সারিবদ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে প্রায় আড়াই লাখ শোকার্ত মানুষ ওয়েস্টমিনস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের পাশ দিয়ে হেঁটে গেছেন ও তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী মিশেল ডোনেলান এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“এটা মোটামুটি আড়াই লাখের কাছাকাছি। সুনির্দিষ্ট সংখ্যাটি কত, তা বের করার চেষ্টা করছি আমরা,” টাইমস রেডিওকে বলেন ডোনেলান।
যথাসময়ে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
৭০ বছর রাজকার্য সামলানোর পর গত ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথ ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রানির কফিনে শায়িত মরদেহ শেষকৃত্যের আগে চারদিন ধরে ব্রিটেনের পার্লামেন্টারি স্থাপনার সবচেয়ে পুরনো অংশ ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়েছিল। সব বয়সী, সর্বস্তরের জনগণ লন্ডনের কেন্দ্রস্থলে আঁকাবাঁকা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ওই হলে গিয়ে প্রয়াত রানির প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানান।
যুক্তরাজ্য সর্বশেষ তাদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের কফিনে শায়িত মরদেহ জনসাধারণকে দেখার সুযোগ করে দিয়েছিল। ব্রিটেনের এই কিংবদন্তি রাজনীতিক ১৯৬৫ সালে মারা যান।
ওয়েস্টমিনস্টার হলে চার্চিলের কফিনের পাশ দিয়ে প্রায় ৩ লাখ ২১ হাজার ৩৬০ জন হেঁটে যান ও শ্রদ্ধা জানান বলে পরে হাউস অব কমন্সের এক নোটে উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
