জীবনের ঝুঁকি আছে জানতেন প্রিগোজিন, বলছে নতুন ভিডিও
মৃত্যুর মাত্র কয়েকদিন আগে আফ্রিকায় ধারণ করা এ ভিডিওতে ওয়াগনার প্রধান তার সুস্থতা এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের জবাব দিয়েছিলেন।
রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপের প্রয়াত প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের একটি নতুন ভিডিও দলটির টেলিগ্রাম চ্যানেল ‘গ্রে জোন’ এ প্রকাশ করা হয়েছে।
ভিডিওটি তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে আফ্রিকায় ধারণ করা। যেখানে তিনি তার সুস্থতা এবং নিজের নিরাপত্তায় ঝুঁকি নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের জবাব দিচ্ছিলেন।
সংক্ষিপ্ত ওই ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, “যারা আমি বেঁচে আছি, নাকি মরে গেছি, আমি কী করছি এসব নিয়ে আলোচনা করছেন এটা তাদের জন্য। এটা অগাস্ট মাসের দ্বিতীয়ার্ধ, এই মুহূর্তে এটা উইকেন্ড এবং আমি আফ্রিকায় আছি।
“তাই ওই সব মানুষ যারা আমাকে মুছে ফেলতে আলোচনা করছেন, অথবা আমার ব্যক্তিগত জীবন, আমি কত আয় করি বা যেকোনো কিছু, তাদের জন্য জন্য বলছি, সবকিছু ঠিক আছে।”
গ্রে জোনের প্রকাশ করা এই ভিডিওর স্থান এবং সময় স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে প্রিগোজিনকে একটি চলন্ত গাড়িতে দেখা যায়। তিনি যথারীতি ক্যামোফ্লেজ পোশাক পরে ছিলেন, মাথায় টুপি এবং ডান হাতে ঘড়ি ছিল।
এর আগে গত ২১ অগাস্ট একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। নতুন ভিডিওতে তার চেহারা ও আশেপাশের সঙ্গে ওই ভিডিওর মিল রয়েছে। আগের ভিডিওতে তিনি আফ্রিকায় অবস্থান করার কথা জানিয়েছিলেন।
নতুন ভিডিওতে তিনি যে ‘উইকেন্ড’ কথাটি বলেছেন সেটা বিবেচনায় নিলে ওই ভিডিওটি অবশ্যই ১৯ অথবা ২০ অগাস্ট ধারণ করা। অর্থাৎ তার তিন অথবা চারদিন পর বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।
গত ২৩ অগাস্ট মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহন করা বিমানটি বিধ্বস্ত হয়। তার সঙ্গে তার ডান হাত বলে পরিচিত তার প্রধান সহচর দিমিত্রি উৎকিন এবং তার শীর্ষ সহযোগী ভ্যালেরি চেকালভ এবং তার চারজন দেহরক্ষী ছিলেন। তিন জন ক্রু মিলে মোট ১০ জন নিহত হন।
নিজের মাথার উপর চরম ঝুঁকি নিয়ে চলা প্রিগোজিন যে এ বিষয়ে অবহিত ছিলেন তা নতুন ভিডিওতে তার মন্তব্য থেকেই বোঝা যায়। প্রিগোজিনকে বহন করা বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঠিক দুই মাস আগে ওয়াগনার বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যে বিদ্রোহের আয়ু মাত্র ২৪ ঘণ্টার মত হলেও সেটি রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। নিজের ঘনিষ্ঠজনের কাছ থেকে এ আচরণ স্বাভাবিকভাবেই পুতিনের জন্য দারুণ অপমানের ছিল।
পুতিন বিদ্রোহের ওই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে বর্ণনা করে ওয়াগনার বাহিনীকে দেশত্যাগের নির্দেশ দিয়েছিলেন। অনেকেই বলছেন, পুতিনের নির্দেশে রাশিয়ার সেনাবাহিনীই গুলি করে বিমানটি ভূপাতিত করে।
এই দাবিকে ক্রেমলিন থেকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেওয়া হলেও বিমানটি ইচ্ছাকরে ভূপাতিত হওয়ার বিষয়টি তারা সম্পূর্ণ উড়িয়ে দেয়নি।
গত মঙ্গলবার প্রিগোজিনকে সেন্ট পিটার্সবার্গে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়।
