২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে। সেগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হবে।

দুই জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস
গাজা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 02:34 PM

গাজায় ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতিতে টালমাটাল অবস্থায় মধ্যেই দুই ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার ইসরায়েলের কাছে এই মরদেহ হস্তান্তর করা হয়। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে এবং সেগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে।

চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি সেনারা পিছু হটেছে, হামলা বন্ধ করেছে এবং ত্রাণ প্রবেশ বাড়িয়েছে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধে নিহত ৩৬০ জন ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে ২৮ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। 

বৃহস্পতিবার পর্যন্ত হামাস  ১৫টি মৃতদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি, হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে অতি ধীরগতি দেখাচ্ছে। 

তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে।

অনেক জিম্মির পরিবার এখনো প্রিয়জনের মরদেহ পাওয়ার আশায় দিন কাটাচ্ছে। তারা আশঙ্কা করছেন, গাজার ধ্বংসস্তূপের নিচে হয়ত চিরতরে হারিয়ে যেতে পারে প্রিয়জনের দেহাবশেষ।

গাজার বিপর্যয়ে এখনও হাজারো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। যাদের অনেকে হয়ত আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

ওদিকে, ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ উদ্ধার ও তা হস্তান্তর নিয়ে বিবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধের স্থায়ী অবসান পরিকল্পনাকে জটিল করে তুলছে।

যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসন কেমন হবে এবং হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করা যাবে কিনা, এসব প্রশ্নই এখন মূল অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। 

এর মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলের সেনা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধমূলক বিমান হামলায় গাজার ১০৪ জন নিহত হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ নারী ছিল। ইসরায়েল দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল ‘সশস্ত্র যোদ্ধাদের অবস্থান’।

বৃহস্পতিবার ভোরে গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্বাংশে অন্তত ১০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। একই সময়ে গাজার উত্তরাঞ্চলে ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘সুনির্দিষ্ট হামলার’ লক্ষ্য ছিল “সেসব সন্ত্রাসী অবকাঠামো” যেগুলো সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। গাজার বাসিন্দারা নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় আতঙ্কে আছেন।

দক্ষিণ গাজার খান ইউনুসে বাস্তুচ্যুত ফাতিহ আল-নাজ্জার বলেন, “আমরা ভয় পাচ্ছি আবার যুদ্ধ শুরু হবে। আমরা দুই বছর ধরে উদ্বাস্তু জীবন কাটাচ্ছি। জানি না কোথায় যাব, কোথায় ফিরব।”

নাজ্জারের অবস্থান করা শিবিরে দেখা গেছে, শিশু-কিশোরেরা রাস্তার পাশে রাখা বড় ট্যাংক থেকে বোতলে পানি ভরছে, আর নারীরা মাটির চুলায় রান্না করছেন পরিবারের জন্য।

যুদ্ধে গাজার দুই কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, অনেকেই একাধিকবার। অনেকে এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি, আশঙ্কা করছেন, আবারও হয়ত স্থানচ্যুত হতে হবে।