তুমুল বৃষ্টিতে নিউ ইয়র্কে ২ মৃত্যু, ফ্লাইট ওঠানামায় বিঘ্ন
আবহাওয়া বিভাগ ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইনসের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্কতাও জারি করেছে।
প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস।
বৃহস্পতিবারের ওই বৃষ্টি সংশ্লিষ্ট ঝড় অনেক ফ্লাইটের ওঠানামায় বিঘ্ন ঘটিয়েছে; আবহাওয়া কর্তৃপক্ষ কিছু এলাকায় বন্যার সতর্কবার্তাও জারি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যম বৃষ্টির কারণে বন্যা ও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। জন এফ কেনেডি, লাগার্দিয়া ও নিউয়ার্ক বিমানবন্দরের কর্মকর্তারা ফ্লাইটের শিডিউল বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
“এটি ৩০ অক্টোবর বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে, কয়েক ঘণ্টায় যে বৃষ্টি হওয়ার পূর্ভাবাস ছিল তার বেশিরভাগই বিকালে ১০ মিনিটের মধ্যে হয়েছে,” এক্সে এমনটাই বলেছেন অ্যাডামস।
আবহাওয়া কর্তৃপক্ষ সেন্ট্রাল পার্কে রেকর্ডভাঙা ৪ দশমিক ৭ সেন্টিমিটার বৃষ্টি, লাগার্দিয়া বিমানবন্দরে ৫ দশমিক ৩১ সেন্টিমিটার ও নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দশমিক ০৫ সেন্টিমিটার বৃষ্টির কথা জানিয়েছে।
জাতীয় আবহাওয়া বিভাগ ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইনসের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্কতাও জারি করেছে।
