২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা শুল্ক কার্যকর

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ জোরদার এবং আরও কিছু দেশের ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্কারোপের হুমকির মধ্যেই চীনের এ শুল্ক কার্যকর হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 07:33 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর চীনের আরোপ করা পাল্টা আমদানি কর সোমবার থেকেই কার্যকর হয়েছে। 

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ জোরদার এবং আরও কিছু দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যেই চীনের এই শুল্ক কার্যকর হল। 

সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ করারোপের পর গত ৪ ফেব্রুয়ারি বেইজিং এই পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছিল।

চীনের সর্বশেষ শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের মধ্যে আছে, কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। এসব পণ্যের আমদানির ওপর ১৫ শতাংশ সীমান্ত কর আরোপ করেছে চীন। এছাড়া, আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছে।

রোববার ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে সোমবার পূর্ণ ঘোষণা আসতে পারে।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি আরও কিছু দেশের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশ এ ক্ষেত্রে তার লক্ষ্য হবে তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।

গত সপ্তাহে, চীন কর্তৃপক্ষ প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টি মনোপলি তদন্ত শুরু করেছে। এছাড়া ডিজাইনার ব্রান্ড কালভিন ক্লেইন অ্যান্ড টমি হিলফিগার এর যুক্তরাষ্ট্রের মালিক পিভিএইচকে কথিত 'আনরিলায়েবল এনটিটি' তালিকায় যুক্ত করেছে।

চীন একই সঙ্গে ২৫ ধরনের বিরল ধাতব পদার্থের ওপর শুল্ক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এগুলো অনেক ধরনের বৈদ্যুতিক পণ্য ও সামরিক উপকরণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে কানাডা ও মেক্সিকোর সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক এড়াতে সমঝোতায় পৌঁছানোর কয়েকদিন পর ডনাল্ড ট্রাম্প এ সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন।

তিনি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পরে কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটা সুবিধা দিয়েছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করের বিষয়টি বাইডেন প্রশাসন হোয়াইট হাউজে আসার আগে পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এবারেও কোনও দেশ নতুন শুল্ক পরিকল্পনার বাইরে থাকবে কি না সে সম্পর্কে কিছু বলা হয়নি।

ট্রাম্পের লক্ষ্য হল, নির্বাচনি প্রচারে দেওয়া পারস্পারিক শুল্ক আরোপের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক থাকলে একই হারে যুক্তরাষ্ট্রও শুল্ক আরোপ করবে।

ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্র যে শুল্ক নেয় তার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর বেশি শুল্ক নেয়।

গত সপ্তাহে বিবিসি-কে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শিগগিরই শুল্ক প্রয়োগ হতে পারে। তবে ইইউ’র সঙ্গে একটি চুক্তি হতে পারে বলেও তিনি জানান।