২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের শুল্ক হুমকির নিন্দায় ইইউ, পাল্টা ব্যবস্থার ভাবনা

৮ মিত্র দেশের ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ বলে নিন্দা জানিয়েছে ইউরোপের প্রধান দেশগুলো।

ট্রাম্পের শুল্ক হুমকির নিন্দায় ইইউ, পাল্টা ব্যবস্থার ভাবনা
গ্রিনল্যান্ড। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 10:51 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ইউরোপের প্রধান দেশগুলো রোববার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ৮ মিত্র দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ বলে নিন্দা জানিয়েছে। ওদিকে, ফ্রান্স পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে।

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ট্রাম্প ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক নিতে নির্দেশ দিয়েছেন। দেশগুলো ‘নত না হলে’ ১ জুন থেকে এ অতিরিক্ত শুল্ক বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশে।

‘যুক্তরাষ্ট্র পুরোপুরি গ্রিনল্যান্ড কিনে নেওয়ার চুক্তি না হওয়া’ পর্যন্ত এ আমদানি শুল্ক বহাল থাকবে, বলেছেন ট্রাম্প।  এই ঘোষণার পর রোববার জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিরা।

৮ দেশ এদিন এক যৌথ বিবৃতিতে বলেছে, “শুল্কের হুমকি ট্রান্সআটলান্টিক সম্পর্ক ক্ষুন্ন করছে এবং পরিস্থিতির ক্রমশ অবনতির বিপজ্জনক ঝুঁকি সৃষ্টি করছে।”

তারা বলেছে, ডেনমার্কের মহড়া আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য করা হচ্ছে। এ মহড়া অন্যদের জন্য কোনও হুমকি নয়। তাছাড়া, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতির ভিত্তিতে তারা আলোচনায় বসতেও প্রস্তুত।

ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এক লিখিত বিবৃতিতে বলেছেন, তিনি ইউরোপের বাদবাকী দেশগুলোর কাছ থেকে আসা একইরকম বার্তা পেয়ে সমন্তুষ্ট। তিনি বলেন, “ইউরোপ ব্ল্যাকমেইল এর শিকার হবে না।”

একই মত ব্যক্ত করেছেন জার্মানির অর্থমন্ত্রী ও সুইডেনের প্রধানমন্ত্রীও। ডাচ পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, “তিনি (ট্রাম্প) যা করছেন সেটি ব্ল্যাকমেইল।”

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট সাইপ্রাস রোববার ব্রাসেলসে রাষ্ট্রদূতদের এক জরুরি বৈঠকে ডেকেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোাঁর ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, মাক্রোঁ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিগ্রহ-বিরোধী ব্যবস্থা (অ্যান্টি-কোয়েরশন ইন্সট্রুমেন্ট বা এসিআই) বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছেন।

ইইউ এর এই ব্যবস্থা ২০২৩ সালেই কার্যকর হয়েছে। তবে এই হাতিয়ার কখনও ব্যবহার করা হয়নি। 

এসিআই এমন এক ব্যবস্থা যার বদৌলতে ২৭ জাতি ইউরোপীয় ইউনিয়ন তাদের সদস্যদেশগুলোকে নীতি বদলানোর জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কোনও তৃতীয়দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে।

আর এ ব্যবস্থায় ইইউ কেবল যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপই নয়, বরং আরও ব্যাপক পরিসরে ব্যবস্থা নিতে পারে।

মাক্রোঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই হাতিয়ার প্রয়োগের পক্ষে সুর মিলিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির জার্মান স্যোশাল ডেমোক্রেটসহ সেন্ট্রিস্ট রিনিউ ইউরোপ গ্রুপ এবং জার্মানির ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন।

আইরিশ প্রধানমন্ত্রী বলেছেন ইইউ পাল্টা জবাব দেবে এতে কোনও সন্দেহ নেই। তবে তিনি বলেন, অ্যান্টি কোয়েরশন-ইন্সট্রুমেন্ট প্রয়োগের সময় এখনও আসেনি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, রোববার ট্রাম্প শুল্কের যে হুমকি দিয়েছেন সেটি একটি ভুল। কয়েকঘণ্টা আগেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে তিনি একথা জানিয়েছেন বলে জানান মেলোনি।