১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্ব ইউক্রেইনের আরও দু’টি গ্রাম দখলের দাবি রুশ বাহিনীর

রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে যুদ্ধ থামার কোনও আভাস নেই। ইউক্রেইনে এখনও ভূখন্ড দখল চলছে রাশিয়ার।

পূর্ব ইউক্রেইনের আরও দু’টি গ্রাম দখলের দাবি রুশ বাহিনীর
ইউক্রেইনের দিনিপ্রোয় রাশিয়ার হামলায় বিধ্বস্ত গাড়ি। ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে যুদ্ধ বন্ধের কোনও আভাস মিলছে না। আলোচনার টেবিলে বসার আয়োজন চললেও শেষ পর্যন্ত কী হবে তা নিশ্চিত না। ইউক্রেইনে এখনও ভূখন্ড দখল চলছে রাশিয়ার।

পূর্ব ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলের এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইন বরাবর আরও দুটো গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। শনিবার এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার মন্ত্রণালয় ধীর অগ্রগতির মধ্যে অঞ্চলটির তিনটি গ্রাম দখলেরে ঘোষণা দেয়। যদিও ইউক্রেইনের সেনাবাহিনী স্বীকার করেনি যে, কোনও গ্রাম হাতবদল হয়েছে।

তবে ইউক্রেইন বলেছে, তাদের বাহিনী রুশ সেনাদের কাছ থেকে আরও পশ্চিমে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রান্তে পশ্চিমের একটি বসতি পুনর্দখল করেছে।

 বার্তা সংস্থা য়টার্স দুই পক্ষের কারও যুদ্ধক্ষেত্র সংক্রান্ত এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইন আক্রমণের প্রথমদিকে রাজধানী কিইভে অগ্রসর হওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়া পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল দখলে মনোনিবেশ করেছে। অঞ্চলটি দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত।

গত শনিবারের অভিযানে ইউক্রেইনের যে গ্রাম দুটি রাশিয়া দখলে নেওয়ার দাবি করেছে, সেগুলো হল: ক্লেবান-বিক এবং সেরেদন।

টোরেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবান-বিক গ্রামে কয়েক মাস ধরেই হামলা চলছে। আর উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের প্রশাসনিক সীমান্তের কাছে সেরেদন গ্রামের আবস্থান।

এর আগে শুক্রবার যে দুটি গ্রাম দখলের দাবি করেছিল রাশিয়া, সেগুলো হল: কাটেরিনিভকা এবং রুসিন ইয়ার — এ গ্রাম দু’টি আরেক অবরুদ্ধ নগরী কোস্তিয়ান্তিনিভকার কাছে অবস্থিত।

ইউক্রেইনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ কেবল বলেছে যে, শত্রুর আক্রমণের মুখে পড়া কয়েকটি এলাকার মধ্যে ছিল কাটেরিনিভকা।

আলাদা একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেইনের সেনারা জেলেনি হাই গ্রাম পুনর্দখল করেছে — যা দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল লাগোয়া। গ্রামটি নতুন রুশ হামলার মুখে রয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ইউক্রেইনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর বলেছে, তারা সামরিক ইউনিটগুলোর সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে যাতে দোনেৎস্কে রুশ সেনাদের অগ্রগতি এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে তাদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকানো যায়।