২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন: ট্রাম্প

খনিজ সম্পদে সমৃদ্ধ আর্কটিক মহাসাগরীয় দ্বীপটি নিয়ে ওয়াশিংটনের আগ্রহের সমালোচনা করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন: ট্রাম্প
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের একটি অংশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 02:20 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন তাদের। ‘এ দায়িত্বে নেতৃত্ব’ দেওয়ার জন্য তিনি আর্কটিক মহাসাগরের দ্বীপ গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। 

গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দিয়েছেন তিনি। তার এই নিয়োগ ও খনিজ সম্পদে সমৃদ্ধ দ্বীপটি নিয়ে ওয়াশিংটনের আগ্রহের সমালোচনা করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। 

ডেনমার্কের স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর থেকেই এই দ্বীপটি কিনে নেওয়া ইচ্ছা প্রকাশ করে এসেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন। এক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব ও খনিজ সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি। জানুয়ারি, ২০২৪ থেকে লুইজিয়ানার গভর্নরের দায়িত্বে থাকা ল্যান্ড্রি প্রকাশ্যে এই ধারণাকে সমর্থন দিয়েছেন, জানিয়েছে রয়টার্স  

সোমবার ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার, খনিজ সম্পদের জন্য না। আপনারা যদি গ্রিনল্যান্ডের দিকে তাকান, উপরে-নিচে বরাবর তাকান, দেখবেন সেই এলাকাগুলো রাশিয়া ও চীনের জাহাজ দিয়ে ভরা। জাতীয় নিরাপত্তার জন্যই এটি আমাদের দরকার। আমাদের এটা পেতেই হবে।”  

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন এর আগে এক যৌথ বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ডের মালিক গ্রিনল্যান্ডবাসীরা।   

তারা বলেছেন, “আপনি অন্য একটি দেশ সংযুক্ত করতে পারেন না। আন্তর্জাতিক নিরাপত্তার কথা তুলেও নয়। গ্রিনল্যান্ডের মালিক গ্রিনল্যান্ডবাসীরা আর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করবে না।”  

এদিকে, ল্যান্ড্রি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্সে এক পোস্টে বলেন, “গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আমার এই ভূমিকার কোনো প্রভাব লুইজিয়ানার গভর্নরের দায়িত্বে পড়বে না।” 

ডেনমার্কের ওপর আরও চাপ সৃষ্টির জন্য সোমবার ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় মহাসাগরে নির্গমণবিহীন শক্তির লক্ষ্যে তৈরি করা পাঁচটি বিশাল উইন্ড টারবাইন প্রকল্পের ইজারা স্থগিত করেছে। এগুলোর মধ্যে দুটি তৈরি করছে ডেনামাকের রাষ্ট্রায়ত্ত নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি অরস্টেড।