জিম্মিদের মুক্তির দাবিতে আবারও সড়কে হাজারো ইসরায়েলির বিক্ষোভ
বিক্ষোভকারীরা নগরীর একটি মহাসড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে অন্তত তিনজনকে আটক করা হয়েছে।
বিক্ষোভকারীরা নগরীর একটি মহাসড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে অন্তত তিনজনকে আটক করা হয়েছে।
গাজায় হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করে আনার দাবিতে শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজারো মানুষ।
তারা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে জিম্মিদের মুক্ত করে আনতে আরও বেশি কিছু করার দাবি জানিয়েছেন। সাত মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে।
শনিবারের ওই বিক্ষোভে জিম্মিদের ছবি হাতে তাদের স্বজনরাও অংশ নেন। তাদের একজন নামা উইনবার্গ। তার কাজিন ইটাই সভিরস্কিকে গত ৭ অক্টোবর ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যায় হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সভিরস্কিকে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছে।
শনিবার হামাস একটি ভিডিও প্রকাশ করে। যে ভিডিওতে বলা হয়, আরও একজন ইসরায়েলি জিম্মি মারা গেছেন।
হামাসের ওই ভিডিওর কথা উল্লেখ করে উইনবার্গ বলেন, “এমনকি যারা দীর্ঘ এই সময়ে কোনোমতে নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতে পেরেছেন, এবার তাদের পালা। শিগগিরই তারাও মারা পড়বে। অবশ্যই তাদের এখনই রক্ষা করতে হবে।”
শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন বিক্ষোভকারী নগরীর একটি মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ জলকামান ব্যবহার করে। সেখান থেকে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
